মারের সহায় সমর্থন আর শঙ্কা চাপ
বিশ্বক্রীড়ায় রজার ফেদেরারের সঙ্গে মোকাবিলার চেয়ে কঠিন কাজ খুব কমই আছে। আজ সেন্টার কোর্টের সবুজ আঙিনায় সেই কঠিনতম কাজটিই করতে নামছেন অ্যান্ডি মারে। ব্রিটেনের ৭৬ বছরের উইম্বলডন হাহাকার ঘুচিয়ে ফ্রেড পেরির ভূতকে তাড়ানোর এই কঠিন মিশনে তাঁর সবচেয়ে বড় অবলম্বন নিজের টেনিস প্রতিভা আর সেন্টার কোর্টের ১৫ হাজার মানুষের বল্গাহীন সমর্থন।‘আমার দর্শকদের সমর্থন প্রয়োজন। আমি নিশ্চিত, সেই সমর্থন আমি পাব।’ রোববারের ফাইনালের আগে অ্যান্ডি মারের প্রত্যাশা।’ তিনি আরও বলেছেন, ‘যেকোনো খেলাতেই বিশেষ করে টেনিসে দর্শক সমর্থন পুরো পরিস্থিতিকেই পাল্টে দিতে পারে।’সেন্টার কোর্টের পরিবেশ সাধারণত হয় প্রচণ্ড ক্রীড়াসুলভ। তবে এটা নিশ্চিত আজ অ্যান্ডি মারে যখন রজার ফেদেরারের বিপক্ষে খেলতে নামবেন, তখন সেন্টার কোর্ট ফেটে পড়বে দেশাত্মবোধ আর পক্ষপাতিত্বের বুনো মাদকতায়। আজকের ফাইনাল যে ব্রিটেনবাসীর ৭৬ বছরের হাহাকার ঘোচানোর লড়াই। এই লড়াই এরই মধ্যে আলোড়ন তুলেছেন ইংল্যান্ডের সর্বত্র। খবরে প্রকাশ, কাল নাকি সেন্টার কোর্টের একটি টিকিট ১৫ হাজার পাউন্ডে হাতবদল হয়েছে। অ্যান্ডি মারের বিজয় কামনায় এমনই উন্মত্ত আজ ইংল্যান্ডের মানুষ। সম্মানিত অতিথিদের তালিকাটাও তাই চমকে দেওয়ার মতো। আজ মাঠে উপস্থিত থেকে নিজেদের সন্তানকে সমর্থন জানাবেন ক্রীড়ামোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। থাকবেন আরেক তারকা ‘ডেভিড’ বেকহাম।কাল সারাটা দিন লোকচক্ষুর আড়ালেই কাটিয়েছেন অ্যান্ডি মারে। কেবল এক ঘণ্টা গা ঘামিয়ে নিয়েছিলেন আজকের ম্যাচের প্রস্তুতি হিসেবে। তবে সাংবাদিকদের দৃষ্টিসীমা এড়িয়ে যেতে পারেননি তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি জানিয়েছেন, জীবনের সর্ববৃহত্ লড়াইয়ে আজ তিনি খেলতে নামছেন। প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম লড়াইকে গুরুত্ব দিলেও আজকের লড়াইটা তাঁর কাছে অন্য রকম। এর চেয়ে বড় কোনো খেলায় তিনি মাঠে নেমেছেন কি না, তা তিনি মনে করতে পারেননি।আজকের ম্যাচে তিনি নার্ভাস নন—এমন দাবি তিনি করেননি। তিনি বলেছেন, বহুদিন কোনো ব্রিটিশ উইম্বলডন জেতেনি। সে জন্যই অনেক মানুষ আজ আমার খেলা দেখবে। মনের গহিনে অদ্ভুত এক আশঙ্কা তো কাজ করবেই, ‘যদি বাজে খেলে ফেলি!’ সে জন্যই সেন্টার কোর্টের উপস্থিত দর্শকদের সঙ্গে চান তিনি।দর্শক সমর্থন যে বড় ধরনের প্রভাব সৃষ্টি করবে, তা জানিয়েছেন চারবারের উইম্বলডন সেমিফাইনালিস্ট টিম হেনম্যান। টেনিসে ‘হোম কন্ডিশন’ শব্দটা খুব একটা আলোচিত না হলেও নিজের অভিজ্ঞতা থেকে হেনম্যানের ধারণা, পক্ষপাতী দর্শকদের গগনবিদারী আওয়াজ ম্যাচের ফলে প্রভাব বিস্তার করলেও করতে পারে। তিনি বলেছেন, ‘এই সেন্টার কোর্টে খেলতে নেমে আমি প্রচুর সমর্থন পেয়েছি। আমি নিশ্চিত আজ অ্যান্ডি মারের জন্যও তেমন কিছুই অপেক্ষা করছে।’আজকের ম্যাচে আবহাওয়ার আচরণের ওপর নির্ভর করছে সেন্টার কোর্টে ছাদ লাগবে কি, লাগবে না ! যদি আবহাওয়া খারাপ থাকে, তাহলে রেফারি অ্যান্ড্রু জারলেট ছাদ ঢেকে দেওয়ার নির্দেশ দেবেন। তবে আচ্ছাদনের মধ্যে ফেদেরার যে ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেই প্রমাণ তিনি রেখেছেন সেমিফাইনালেই। আচ্ছাদিত সেন্টার কোর্টে বাতাসের এলোমেলো ছুটোছুটি ছিল না বলেই সেদিন ফেদেরার নিজেই ঝড় হয়ে উড়িয়ে দিয়েছিলেন নোভাক জকোভিচকে। আজ ফাইনালে অ্যান্ডি মারের জন্য অবশ্য আচ্ছাদিত সেন্টার কোর্টের সবচেয়ে বড় বাধা হাজার টন ওজনের বিশাল এক চাপ। সেই চাপ সামলাতে পারলেই ফ্রেড পেরির সঙ্গে ব্র্যাকেট-বন্দী হবেন মারে। দ্য ডেইলি টেলিগ্রাফ।