মার্কিনিদের জন্য ফেদেরারের দুঃখ
অনেক দিন হলো বিশ্ব টেনিসে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য আর নেই। বর্তমান অবস্থা তো আরও শোচনীয়। পুরুষ, মহিলা দুই বিভাগেই সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো মার্কিনি নেই! এককভাবে পুরুষ একক কিংবা মহিলা এককে এমনটা আগে ঘটলেও দুই বিভাগেই শীর্ষ দশে যুক্তরাষ্ট্রের ‘অনুপস্থিতি’ র্যাঙ্কিং চালু হওয়ার পর ঘটল এই প্রথম।বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য শুধু বেদনাদায়কই নয়, লজ্জারও। কিন্তু সাবেক বিশ্বসেরা রজার ফেদেরার মনে করেন, এটা টেনিসের জন্যই খারাপ! ‘এটা আমাদের জন্য হতাশার যে শীর্ষ খেলোয়াড়দের মধ্যে আমেরিকানরা নেই। কারণ আমেরিকানদের বিপক্ষে খেলাটা সব সময়ই দারুণ ব্যাপার’—বলেছেন সর্বোচ্চ ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক।মার্কিনদের সমবেদনা জানাতে গিয়ে ফেদেরার জানিয়ে দিলেন নিজের একটা ইচ্ছার কথাও। খুব শিগগির ফিরে পেতে চান র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি। ফেদেরারকে উদ্ধৃত করে এটিপির অফিসিয়াল ওয়েবসাইট লিখেছে, ‘এক নম্বর জায়গাটি ফিরে পাওয়া গুরুত্বপূর্ণ। এটা হতে পারে উইম্বলডনেই।’ রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচের পেছনে ফেদেরার আছেন তিন নম্বরে। শীর্ষে থাকা নাদালের চেয়ে তিনি ৩৫৭০ পয়েন্ট পেছনে! ব্যবধানটা ঘুচিয়ে ফেলা কঠিন, তবে মনে রাখতে হবে তিনি ফেদেরার। এএফপি।