মার্কোসের মনে হচ্ছে, এবারও...

ম্যাচের সময় ডাগ আউটে সদা উত্তেজিত, ছোটাছুটি-নাচানাচি চলে ম্যাচজুড়েই৷ অন্য সময়ও তাঁকে হাসিমুখে দেখতে পাওয়া যায় কম৷ বেশির ভাগ সময়ই নিরস, পাথুরে মুখ৷ অথচ ছাত্রদের কাছে লুইস ফেলিপে স্কলারি ধরা দেন অন্য চেহারায়৷ অনুশীলনে নাকি হাসি-ঠাট্টায় মেতে ওঠেন প্রায়ই! পেশাদারির সঙ্গে কৌতুক-মজার সমন্বয় করতে পারেন বলেই নাকি এত সফল স্কলারি৷ বলছেন এমন একজন, স্কলারির কোচিংয়ে বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন যিনি৷ ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্কোস!
ব্রাজিলকে ‘পেন্টা’ জেতানো কোচ আরেকবার দায়িত্ব নিয়ে রাতারাতি পাল্টে দিয়েছেন ব্রাজিল দলের চেহারা৷ ফিফা র৵াঙ্কিংয়ে ক্রমাগত পেছাতে থাকা দলকে আবার এনেছেন সেরা পাঁচে৷ গত বছর জিতিয়েছেন কনফেডারেশনস কাপ৷ মার্কোসের কাছ থেকে জানা গেল স্কলারির সাফল্যের রেসিপি, ‘ফুটবলে দুটো জগতের সেরাটা নিয়ে আসার অদ্ভুত ক্ষমতা আছে তাঁর৷ পেশাদারিকে উপস্থাপন করেন অনেক মানবিকভাবে, বিশেষ করে ছেলেদের সঙ্গে কথা বলার সময়৷ অনুশীলনে সবার সঙ্গে চেঁচাবেন, পরে আবার দেখা যাবে বারবিকিউ আয়োজন করে হাসি-তামাশায় মেতে উঠছেন, সবার সঙ্গে কৌতুক করছেন৷ এমন কর্তৃত্বপরায়ণ ভাব নিয়ে থাকেন না যে তাঁর কাছে ঘেঁষা যাবে না৷ ছেলেরা তাঁর ধরন খুব উপভোগ করে৷ রেগে গেলে অবশ্য আমরা তাঁকে ঘঁাটাতাম না, কারণ তাঁর রাগ বেশ খারাপ!’
যুব ফুটবল থেকে শুরু করে ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারের পুরোটাই পালমেইরাসে কাটিয়েছেন মার্কোস৷ তাফারেল অবসরে যাওয়ার পর ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের কিপিং গ্লাভস পেয়েছিলেন তিনি৷ ওই বিশ্বকাপে খেলেছেন প্রতিটি মিনিট৷ সেবার নকআউটে পর্বে বলকে জালে ঢুকতে দিয়েছিলেন মাত্র একবার৷ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে িশরোপা জেতে ব্রাজিল৷ এবারও নিজ দেশকে ফেবারিট বলছেন ৪০ বছর বয়সী সাবেক গোলরক্ষক, ‘ব্রাজিল অন্যতম ফেবারিট, মূল কারণ আমরা দেশের মাটিতে খেলছি৷ আমরা জানি, এটা কত বড় পার্থক্য গড়ে দিতে পারে৷ গ্যালারি ভরা দর্শক আমাদের দলকে যেমন উজ্জীবিত করতে পারে, তেমনি চাপে ফেলে দিতে পারে প্রতিপক্ষকে৷ সব দর্শক একসঙ্গে যখন জাতীয় সংগীত গেয়ে ওঠে, মাঠে সবাই মুহূর্তেই ভেতরে বারুদ অনুভব করে৷ দর্শক সমর্থনেই তো আমরা গত কনফেডারেশনস কাপ জিতলাম! ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনা, স্পেন ও জার্মানিও শিরোপার দাবিদার৷ তবে দেশের মাটি ও দর্শক সমর্থনে বাড়তি সুবিধা পাব বলেই আমরা খানিকটা এগিয়ে৷’
এই সময়ের গোলরক্ষকদের নিয়েও নিজের পছন্দের কথা জানালেন মার্কোস, ‘ম্যানুয়েল নয়্যারকে আমি দারুণ পছন্দ করি৷ পিওতর চেকও দুর্দান্ত, কিন্তু ওর দল বিশ্বকাপে নেই৷ ক্যাসিয়াসও দারুণ৷ জিয়ানলুইিজ বুফন তো আছেই৷ মনে হচ্ছে যেন অনন্তকাল ধরে ইতালির গোলবার সামলাচ্ছে! তবে বয়স আর যে ক্লাবে খেলে, সব মিলিয়ে আমার মতে নয়্যারই সেরা৷’ ওয়েবসাইট৷