মার্চ-এপ্রিলে পাকিস্তান সফরের ইঙ্গিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সফরের বিষয়টি পুনরায় বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খুব দ্রুতই নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো যাচাই করার জন্য একটি প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানো হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। নিরাপত্তা ইস্যুতে ইতিবাচক সাড়া পাওয়া গেলে আগামী মার্চ বা এপ্রিলে একটি সংক্ষিপ্ত সফরে পাকিস্তান যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। এ মাসেই বাংলাদেশের পাকিস্তান সফরের কথা থাকলেও নিরাপত্তার কারণে সেটা স্থগিত করা হয়। বাংলাদেশের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোনো পাকিস্তানি খেলোয়াড়কে পাঠানো হবে না বলে হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৬ জানুয়ারি দিল্লিতে ভারত-পাকিস্তানের ওয়ানডে ম্যাচ চলাকালে মুখোমুখি বৈঠক করেছিলেন বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুই সভাপতি নাজমুল হাসান ও জাকা আশরাফ। সে সময় বাংলাদেশের পাকিস্তান সফর সম্পর্কে নতুন করে আলাপ-আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নাজমুল হাসান।নাজমুল হাসানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘পিসিবির সভাপতির সঙ্গে আমাদের সমস্যাগুলো নিয়ে আলাপ করেছি। তবে আমরা নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে এই সফরের জন্য সময় বের করা যায় কি না, এটা নিয়ে আমাদের কথা হয়েছে। এ ছাড়া এরপর আমরা শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফর নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। এখন আমরা সেখানকার নিরাপত্তাব্যবস্থা যাচাই করার জন্য যত দ্রুত সম্ভব একটা প্রতিনিধিদল পাঠাব।’