মার্টিন-ঝড়ে তছনছ ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কী, বলেছিলাম না? নিজেকে উজাড় করে দিলে এই উইকেটেও প্রাণসঞ্চার করা যায়!’ কাল চা-বিরতির সময় গর্বিত কণ্ঠে বললেন ধীরাজ পারসানা। টেস্টের প্রথম তিন দিন ধরেই মুণ্ডপাত হয়েছে মোতেরার কিউরেটরের। সুযোগ পেয়ে তিনি প্রত্যাঘাত করতে ছাড়বেন কেন?যাঁকে নিয়ে পারসানার এই গর্বিত উচ্চারণ, তাঁর হাতেই কাল ধ্বংস হয়েছে পারসানার দেশের ব্যাটিং। আগামী মাসেই পা দেবেন সাঁইত্রিশে। এই বয়সেও কাল যে বোলিংটা করলেন ক্রিস মার্টিন, শুধু নিজের ক্যারিয়ারের নয়, হয়তো ভারতের মাটিতেই সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলিংয়ের প্রদর্শনী রাখলেন। সুইংয়ের সঙ্গে বাউন্স আদায় করে বোলারদের জন্য দুঃস্বপ্নের উইকেটেও প্রাণ ফিরিয়েছেন, আর তাতে প্রাণ গেছে পাঁচ ভারতীয় ব্যাটসম্যানের। সঙ্গে আরেক মার্টিন, মার্টিন গাপটিলের অসাধারণ ফিল্ডিংয়ে বীরেন্দর শেবাগের রানআউট অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখাচ্ছে নিউজিল্যান্ডকে। ৪ উইকেট হাতে নিয়ে ভারতের লিড মাত্র ১১০ রানের।দিনের শুরুটাও নিউজিল্যান্ডের জন্য ছিল দারুণ। ৮৭ রান নিয়ে দিন শুরু করেছিলেন কেন উইলিয়ামসন, কাল দিনের পঞ্চম ওভারে জহির খানকে দুটি চার মেরে হয়ে গেলেন অভিষেকে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ কিউই। অভিষেকেই সেঞ্চুরি পাওয়া অষ্টম নিউজিল্যান্ডার, এঁদের মধ্যে তাঁর চেয়ে বড় ইনিংসের মালিক শুধু ম্যাথু সিনক্লেয়ার (২১৪)। ওয়ানডে অভিষেকে এই ভারতের বিপক্ষেই শূন্য রানে আউট হওয়ার দুঃস্বপ্নটাও যেন একটু চাপা দিলেন। বড় একটা মাইলফলক ছুঁয়েছেন ড্যানিয়েল ভেট্টোরিও, ৩৮ রানের মাথায় ঢুকে গেছেন ৪০০০ রান ও ৩০০ উইকেটের ছোট্ট এক অভিজাত ক্লাবে। ৪২ রানে শেষ ৫ উইকেট তুলে নিয়ে নিউজল্যান্ডের শেষটা অবশ্য দ্রুতই করেছে ভারত। তবে তখন তারা ধারণা করতে পারেনি কী দুঃস্বপ্ন অপেক্ষা করছে। প্রথম ওভারেই সর্বশেষ ৫ ইনিংসের তৃতীয় শূন্য করে আউট গম্ভীর, পরের ওভারে রানআউট শেবাগ। পঞ্চম ওভারে আউট দ্রাবিড়ও, ৫ ওভার শেষে ভারত ৩ উইকেটে ২! ১৫ রানে পড়েছে পঞ্চম উইকেট, এর চেয়ে কম রানে ভারত ৫ উইকেট হারিয়েছে একবারই। ১৯৫২ সালে ট্রুম্যান-বেডসারের ছোবলে ভারতের ৫ উইকেট পড়েছিল ৬ রানে। লক্ষ্মণের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে গোধূলিবেলায় আউট ধোনিও। ভারতের আশা এখন লক্ষ্মণের হাত ধরে চ্যালেঞ্জিং একটা স্কোর গড়া, এরপর শেষ দিনের উইকেট যদি আরও রোমাঞ্চকর কিছু দেয়! তথ্যসূত্র: ওয়েবসাইট।