মার্টিনের চার বলের ঝড়
এই বয়সে খেলা ছেড়ে দিয়ে অনেকেই ঝামেলাহীন জীবন বেছে নেন। পেসার হলে তো চোট ও বয়সের ধাক্কায় খেলা ছাড়তে হয় আরও আগেই। অথচ ৩৭তম জন্মদিনের কেক কাটার পর যেন আরও যেন দুর্বার হয়ে উঠলেন ক্রিস মার্টিন। সর্বশেষ টেস্টেই নিয়েছিলেন ৮ উইকেট। কাল চার বলের মধ্যে ৩ উইকেট নিয়ে ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মেরুদণ্ড!বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছিল ঘণ্টা চারেক দেরিতে। মেঘলা আকাশ, স্যাঁতসেঁতে পরিবেশ। একাদশে চার পেসার, টস জিতে ফিল্ডিং নিতে ভুল করেননি কিউই অধিনায়ক রস টেলর। কিন্তু এই সবকিছুকে পাশ কাটিয়ে গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছিলেন শক্ত ভিত্তি। চা-বিরতির সময় রান ছিল ১ উইকেটে ৮৬। আচমকাই খেলার মোড় পাল্টে দিলেন মার্টিন। বিরতির পর চতুর্থ বলেই ফেরালেন স্মিথকে। নিজের পরের ওভারের প্রথম দুই বলে জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্সকে!ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি প্রোটিয়ারা। দিনের সর্বোচ্চ রানসংগ্রাহক আমলাকে ফিরিয়েছেন নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ বোলার ড্যানিয়েল ভেট্টোরি। ফিরে গেছেন বাউচার-স্টেইনও। ভরসা হয়ে টিকে ছিলেন শুধু জ্যাক রুডলফ। এক নম্বরে ওঠার লড়াইয়ের প্রথম দিনটিতেই দক্ষিণ আফ্রিকা খেল বড়সড় হোঁচট, দিন শেষে রান ৭ উইকেটে ১৯১। সূত্র: ক্রিকইনফো।প্রত্যাশিত সুইং কিন্তু পাননি কিউই পেসাররা। উইকেটও ততটা সহায়তা করেনি। তার পরও আলভিরো পিটারসেন টিকতে পারেননি বেশিক্ষণ, বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টকে আড়াআড়ি ব্যাটে খেলে এলবিডব্লু। দ্বিতীয় উইকেটে স্মিথ-আমলার ৫২ রানের জুটি, এর পরই মার্টিনের ওই চার বলের ঝড়। এই নিয়ে টেস্টে ৭ বার স্মিথকে আউট করলেন মার্টিন, ৬ বার ক্যালিসকে। ক্যালিসের সর্বশেষ চার ইনিংস বেশ অদ্ভুত—০, ০, ২২৪, ০! ক্রিস কেয়ার্নসকে ছাড়িয়ে (২১৮) এককভাবে নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও হয়ে গেছেন মার্টিন (২২১)। সামনে কেবল রিচার্ড হ্যাডলি (৪৩১) ও ভেট্টোরি (৩৫৬)। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৯ ওভারে ১৯১/৭ (স্মিথ ৫৩, পিটারসেন ১১, আমলা ৬২, ক্যালিস ০, ডি ভিলিয়ার্স ০, রুডলফ ৪৬*, বাউচার ৪, স্টেইন ৯, ফিল্যান্ডার ৪*; মার্টিন ৩/৩৪, সাউদি ০/৩২, বোল্ট ১/৫১, ব্রেসওয়েল ১/৩৯, ভেট্টোরি ১/৩১, নিকোল ০/১)।