ক্রিস্টিয়ানো রোনালদো কেমন করেছেন, সেটা হয়তো এতক্ষণে জেনে গেছেন। লিওনেল মেসি কেমন করবেন, সেটা জানতে পারবেন আজ। ডাচ ক্লাব আয়াক্সকে বার্সেলোনা আজ আতিথ্য দেবে ন্যু ক্যাম্পে। শুরু হচ্ছে হোসে মরিনহোর আরেকটি চ্যাম্পিয়নস লিগ অভিযাত্রাও, চেলসির প্রতিপক্ষ এফসি বাসেল। তবে প্রতিপক্ষ দুই দলের শক্তির বিচারে আজ সবচেয়ে বেশি জমার কথা নাপোলি-ডর্টমুন্ড ম্যাচ।
একসময় ইউরোপের অন্যতম পরাশক্তি ছিল তারা। সেই রামও নেই, অযোধ্যাও নেই। একসময়ের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আয়াক্সকে এখন সময় কাটাতে হয় সেই স্মৃতির জাবর কেটে। ন্যু ক্যাম্পে ম্যাচের আগে ফল নিয়ে খুব একটা সংশয় নেই, বার্সার বড় জয়ই প্রত্যাশিত। জেরার্ডো মার্টিনোর জন্য অবশ্য শিহরণের কমতি হওয়ার কথা নয়। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের রেণু গায়ে মাখতে যাচ্ছেন কাতালান ক্লাবের নতুন কোচ। নেইমারের জন্যও এটি ইউরোপিয়ান মঞ্চে আলোটা নিজের দিকে টেনে আনার প্রথম সুযোগ।
মজার ব্যাপার, বার্সেলোনার গ্রুপটাই যেন ইউরোপ-সেরাদের পুনর্মিলনী। বার্সা ও আয়াক্সের (৩) চেয়ে মিলান (৭) তিনটি বেশি শিরোপা জিতেছে। চতুর্থ দল সেল্টিকও জিতেছে একবার। মিলান এখন অনেকটাই নখদন্তহীন, এমনকি সেল্টিকের সঙ্গে ম্যাচের আগেও কপালে পুরু ভাঁজ কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির। চোটের কারণে ছিটকে পড়েছেন কাকা, মন্তোলিভো, এল শারাউয়িরা। তার ওপর সেল্টিকের আছে দৈত্যবধের অভ্যাস, গতবার তো বার্সাকেই হারিয়ে দিয়েছিল। সান সিরোতে আজ মিলানকে ঘাম ঝরাতে হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে ‘কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান’ ব্যাপারটা দেখা যেতে পারে নাপোলি-ডর্টমুন্ড ম্যাচে। এই দুই দলের সঙ্গে আর্সেনাল ও মার্শেই মিলে গ্রুপ ‘এফ’টাই আসলে মৃত্যুকূপ। নিজেদের ঘরোয়া লিগেও চারটি দলই আছে দারুণ ফর্মে, ডর্টমুন্ড-নাপোলি তো পয়েন্ট তালিকার শীর্ষেই। এই মুহূর্তে ইতালি ও জার্মানির সেরা দুই দলের লড়াইটা দুর্দান্তই হওয়ার কথা। ডর্টমুন্ড গতবার ফাইনাল খেলেছে। সেখানে বায়ার্নের কাছে হারার যন্ত্রণা ট্রফি-ক্ষুধা আরও বাড়িয়ে তুলেছে ইয়ুর্গেন ক্লপের দলের। আর নাপোলির দায়িত্বে যখন রাফায়েল বেনিতেজের মতো চ্যাম্পিয়নস লিগজয়ী কোচ, তখন একটা জমজমাট লড়াইয়ের আশা করাই যায়।
মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের আগে আর্সেন ওয়েঙ্গারের মাথাব্যথার নাম চোট। কাজোরলা, পোডলস্কিদের অনুপস্থিতি তো আর্সেনালকে খানিকটা ভোগাবেই। সেই শূন্যতা পূরণে বাড়তি দায়িত্ব চাপবে মেসুত ওজিলের ওপর। এমনিতেও নতুন দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেকটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন জার্মান মিডফিল্ডার। দুই বছর আগেও এক গ্রুপে পড়েছিল এই দুই দল। মার্শেইয়ের মাঠে জিতেছিল আর্সেনাল, ড্র করেছিল নিজেদের মাঠে।
আর্সেনালের নগর প্রতিদ্বন্দ্বী চেলসি নিজেদের মাঠে যখন সুইস ক্লাব বাসেলের সঙ্গে খেলবে, হোসে মরিনহো হয়তো গ্রুপ পর্ব ছাড়িয়ে ভাবতে শুরু করবেন ‘সেমিফাইনাল-ফাঁড়া’ নিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে গত তিনবারই শেষ চারে থমকে গিয়েছিল মরিনহোর চ্যাম্পিয়নস লিগ অভিযান।
চেলসিকে লিগ জিতিয়েও বিদায় নিতে হয়েছিল চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি বলে। আবার যখন চেলসিতে ফিরেছেন, আরাধ্য সেই ট্রফি শোভা পাচ্ছে স্টামফোর্ড ব্রিজের শো কেসে। এবার মরিনহোর ওপর চাপটা অন্য রকম। তবে এসব চাপ-টাপ তো এত দিন তাঁর গা-সওয়া হয়ে যাওয়ার কথা। এএফপি।
আ জ মু খো মু খি
চেলসি : বাসেল
শালকে : স্টুয়া বুখারেস্ট
মার্শেই : আর্সেনাল
নাপোলি : ডর্টমুন্ড
অ্যাটলেটিকো : জেনিত
অস্ট্রিয়া ভিয়েনা : পোর্তো
বার্সেলোনা : আয়াক্স
এসি মিলান : সেল্টিক
* প্রথমে স্বাগতিক দল