মার্টিনোকে চোখেই দেখেননি মেসি!

দায়িত্বটা পেয়েছেন নিজের যোগ্যতায়। কিন্তু সেখানে যে লিওনেল মেসির সুপারিশেরও কিছুটা ভূমিকা ছিল, সেটা অকপটেই স্বীকার করেছেন জেরার্ডো ‘টাটা’ মার্টিনো। মজার ব্যাপার হচ্ছে, নিজের এই ‘বদান্যতা’র কথা বেমালুম অস্বীকার করেছেন বিশ্বসেরা ফুটবলার। বার্সেলোনার নতুন কোচ নিয়োগে তার কোনোই প্রভাব ছিল না বলে জানিয়েছেন মেসি।
বার্সেলোনা থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা আসার পর নিজের শহর রোজারিওতে এক সংবাদ সম্মালনে মার্টিনো কৃতজ্ঞতা জানিয়েছিলেন মেসি ও তার বাবা হোর্হে মেসির প্রতি। এই দুজনের সুপারিশেই কাতালানদের কোচ হতে পেরেছেন বলে বিশ্বাস তাঁর। তবে পরশু আলিয়াঞ্জ আরেনায় প্রাক্-মৌসুম প্রীতি ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসি উড়িয়ে দিয়েছেন তাঁকে নিয়ে ওঠা কথাটা, ‘মার্টিনোর নিয়োগে আমার কোনো হাত নেই। আমার কিছু বলারও নেই। এটা রোসেল (বার্সা সভাপতি) ও ক্লাবের ব্যাপার। আমি শুধু বলেছিলাম, মার্টিনোকে আমার ভালো কোচ বলে মনে হচ্ছে।’ স্বদেশি ও তাঁর কৈশোরের ক্লাবের এই কোচকে কখনো সামনাসামনি দেখেননি বলেও দাবি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, ‘আমি ওঁকে ব্যক্তিগতভাবে চিনি না। মার্টিনো বা লুইস এনরিকে কাউকেই কখনো দেখিনি। তবে নিওয়েলস ওল্ড বয়েজ ও প্যারাগুয়ের হয়ে সফলতাই প্রমাণ করে তিনি যোগ্য। আশা করছি তিনি এখানেও সফল হবেন।’

তবে হঠাৎ করে টিটো ভিলানোভার সরে দাঁড়ানো এবং নতুন কোচ আসায় বার্সার নতুন মৌসুমটা খুব একটা সহজ হবে না বলেই মনে করেন মেসি, ‘টিটো চলে যাওয়ায় আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। আসছে মৌসুমটা আমাদের জন্য খুব কঠিন হবে।’ ওয়েবসাইট।