মার্টিনোকে বরণ করে নিলেন মেসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার হয়ে অভিষেকটা এখনো হয়নি। গ্যালারিতে বসেই লিওনেল মেসিদের খেলা উপভোগ করলেন নতুন কোচ মার্টিনো (বাঁয়ে) ছবি: রয়টার্স
বার্সেলোনার হয়ে অভিষেকটা এখনো হয়নি। গ্যালারিতে বসেই লিওনেল মেসিদের খেলা উপভোগ করলেন নতুন কোচ মার্টিনো (বাঁয়ে) ছবি: রয়টার্স

প্রাক-মৌসুম লড়াইয়ে প্রথম জয়ের দেখা পেল বার্সেলোনা। প্রথম ম্যাচে গার্দিওলার বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর ‘দুর্বল’ ভালেরেঙ্গার বিপক্ষে গত রাতে স্প্যানিশ চ্যাম্পিয়নদের জয়টাও এসেছে বেশ বড় ব্যবধানে, ৭-০ গোলে। এই ম্যাচ দিয়ে অভিষেকের কথা থাকলেও শেষ পর্যন্ত অবশ্য অভিষেক হয়নি নতুন কোচ জেরার্ডো মার্টিনোর। তবে গ্যালারিতে বসে খেলাটি উপভোগ করেছেন তিনি।
অভিষেক না হলেও আনুষ্ঠানিক চুক্তি সইয়ের পর প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে বিধ্বস্ত করে মার্টিনোকে ভালোভাবেই বরণ করে নিলেন তাঁর নতুন শিষ্যরা। এই ম্যাচে দলের প্রাণভোমরা লিওনেল মেসি থাকলেও ছিলেন না জাভি-ইনিয়েস্তারা। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই এমন জয় পেয়েছে বার্সা।
মাত্র ১৩ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচে গোলবন্যার সূচনাটা করেন অ্যালেক্সিস সানজেস, পাঁচ মিনিটের মাথায়। পরের মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন তেয়ো। এর সাত মিনিট পর স্কোরলাইন ৩-০ করে নরওয়েজিয়ান ক্লাব ভালেরেঙ্গাকে অসহায় করে তোলেন লিওনেল মেসি। প্রথমার্ধের খেলার একেবারে শেষ মুহূর্তে বার্সাকে আরও একটি গোল এনে দেন দস সান্তোস।
বার্সা খেলোয়াড়দের গোলক্ষুধা অব্যাহত থাকে দ্বিতীয়ার্ধেও। প্রথমার্ধের গোলদাতাদের কেউ অবশ্য সফল হননি। দ্বিতীয়ার্ধের প্রথম দুটি গোলই (৫২ ও ৫৬ মিনিট) করেন ১৮ বছর বয়সী স্ট্রাইকার ডঙ্গু। এর পর দীর্ঘ সময় গোলের দেখা মেলেনি। দেখা মিলল ৮৫ মিনিটে গিয়ে, স্প্যানিশ স্ট্রাইকার অ্যাঞ্জেল রোমানের সৌজন্যে। সূত্র: গোল ডটকম।

 আজকের ভারত-জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের আপডেট পেতে C  লিখে এসএমএস করুন 2221  নম্বরে