মার্টিনোর প্রথম পরীক্ষা
জেরার্ডো মার্টিনোর সাহস আছে বৈকি!
টিটো ভিলানোভাও কখনো এটি করেননি। পেপ গার্দিওলাও করেছেন কালেভদ্রে। ফিট থাকার পরও মেসিকে পুরো ম্যাচ না খেলিয়ে তুলে নেওয়া হচ্ছে—সর্বশেষ এই দৃশ্য দেখা গিয়েছিল ২০১০ সালের মে মাসে, লিগে ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে। গার্দিওলা তো একবার নিজেই বলেছিলেন, বদলি হওয়াটা মোটেও পছন্দ করে না মেসি। বিশ্বসেরা ফুটবলারের সেই অপছন্দের কাজটাই নতুন বার্সেলোনা কোচ করে ফেললেন লিগে নিজের প্রথম ম্যাচেই! রোববার লেভান্তের বিপক্ষে ৭০ মিনিটে মেসিকে তুলে নেওয়ার কারণটাও বলেছেন মার্টিনো, ‘আমি এ বিষয়ে মেসির সঙ্গে কথা বলেছি। সামনে লম্বা মৌসুম আরও অনেক ম্যাচ। সে খুব বুদ্ধিমান এবং বুঝতে পেরেছে এটা কতটা জরুরি।’
তবে ম্যাচের ভাগ্যে অনিশ্চয়তা থাকলে যে মেসিকে তুলে নিতেন না, এটাও স্বীকার করেছেন মার্টিনো। দুর্বল লেভান্তের বিপক্ষে বিরতির আগেই ৬ গোলে এগিয়ে থাকায় সিদ্ধান্তটা খুব একটা কঠিন হয়নি তাঁর জন্য। তবে শুধু মেসিকে তুলে নেওয়ার সিদ্ধান্তে নয়, প্রথম ম্যাচে আরও অনেক ক্ষেত্রেই নিজের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন বার্সেলোনা কোচ। সেস ফ্যাব্রিগাসকে কোন ভূমিকায় খেলাবেন, এটা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখা গেছে গার্দিওলা-ভিলানোভা দুজনকেই। কিন্তু মার্টিনো এদিন শুরু থেকেই ফ্যাব্রিগাসকে খেলালেন মিডফিল্ডে। মেসিকে তুলে নেওয়ার পর ফ্যাব্রিগাস গেলেন মেসির পজিশনে, ইনিয়েস্তা নেমে মিডফিল্ডে ফ্যাব্রিগাসের জায়গা নিলেন। মেসি-নেইমার যুগলবন্দী দেখতে উন্মুখ হয়ে ছিল ফুটবল বিশ্ব। কিন্তু দুজন একসঙ্গে মাঠে থাকলেন মাত্র ৮ মিনিট। মার্টিনো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নামালেনই ৬২ মিনিটে। সেটির ব্যাখ্যা, ‘তাড়াহুড়োর কিছু নেই। ওর আরও কিছুদিন সময় দরকার।’
সব মিলিয়ে লিগে নিজের প্রথম পরীক্ষায় বেশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ মার্টিনো। তবে দুর্বল লেভান্তের বিপক্ষে এটাই প্রত্যাশিত ছিল। মার্টিনোর বড় পরীক্ষাটা হবে আজ স্প্যানিশ সুপার কাপে, যেখানে লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ কোপা দেল রের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। কৌশলের লড়াইয়ে বার্সেলোনা কোচের প্রতিদ্বন্দ্বী আরেক আর্জেন্টাইন ডিয়েগো সিমিওনে। দুই প্রজন্মের ফুটবলার হলেও খেলোয়াড়ি জীবনে মুখোমুখি হয়েছেন তাঁরা, যখন মার্টিনো খেলতেন নিওয়েলস ওল্ড বয়েজে আর সিমিওনে ছিলেন ভেলেজ সার্সফিল্ডে। তবে ডাগআউটে মুখোমুখি এই প্রথম।
আজ ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগটা অ্যাটলেটিকোর স্ট্রাইকার ডেভিড ভিয়াকেও একটু স্মৃতিকাতর করে তুলতে পারে। মৌসুমের শুরুতেই মাত্র ছেড়ে আসা ক্লাবের বিপক্ষে মাঠে নামছেন। তবে মাঠে নেমে ভিয়া ভুলে যেতে চান ন্যু ক্যাম্পে তাঁর তিন বছরের স্মৃতি, ‘ওই দলে আমার অনেক বন্ধু, তিন বছরে অনেক প্রিয় স্মৃতি। কিন্তু খেলা শুরু হলে ওরা শুধুই আমার প্রতিপক্ষ।’ এএফপি।