মার্তা-প্রিঞ্জদের বিশ্বকাপ
কদিন পরেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশীয় এই টুর্নামেন্টের আগেই আজ শুরু হয়ে যাচ্ছে ফুটবলের একটি বিশ্বকাপ—ফিফা মহিলা বিশ্বকাপ। আয়োজক দেশ জার্মানি।ব্রাজিলের পুরুষ দল বিশ্বসেরা। পাঁচবার তারা চ্যাম্পিয়ন। এই তথ্যটা যতটা সরল, ঠিক ততটাই চমকপ্রদ আরেকটা তথ্য। পাঁচবারের ফিফা মহিলা বর্ষসেরা মার্তার ব্রাজিল একবারও জিততে পারেনি মহিলা বিশ্বকাপ!১৯৯১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে দাপট যুক্তরাষ্ট্র ও জার্মানির। দুবার করে শিরোপা জিতেছে দল দুটি। মহিলা বিশ্বকাপের এটি ষষ্ঠ আসর। এই দুই দলের পাশে শিরোপাজয়ী তৃতীয় দল নরওয়ে (১৯৯৫)। পরিসংখ্যানের বিচারে তাই আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্টের দুই ফেবারিট জার্মানি ও যুক্তরাষ্ট্র। তবে ব্রাজিলও থাকছে সম্ভাবনার সীমানায়। শিরোপা জয়ের জন্য মরিয়াও ব্রাজিলের মেয়েরা। দলের স্কার্ট পরা পেলেখ্যাত মার্তা বললেন, ‘আমরা সত্যিই জিততে চাই। এটি এমন একটি টুর্নামেন্ট যার শিরোপা আমাদের হাতে ওঠেনি।’চাইলেই তো আর হয় না, সর্বশেষ দুবার শিরোপাজয়ী জার্মানি নিজেদের মাঠে শিরোপার হ্যাটট্রিক পূরণ করার জন্য উদ্গ্রীব। আজ কানাডার বিপক্ষে বার্লিনে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর আগে জার্মানি দলের কোচ সিলভিয়া নেইড বলেছেন, ‘অবশ্যই আমরা টানা তৃতীয়বারের মতো শিরোপা জিততে চাই। এটা কঠিন এক চ্যালেঞ্জ। কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি, সর্বোচ্চ চেষ্টাটাই করব আমরা।’ ফর্মেও আছে জার্মানি। চারটি প্রস্তুতি ম্যাচের চারটিতেই জিতেছে তারা। একটা গোলও ঢোকেনি তাদের জালে! বির্জিত প্রিঞ্জদের এই ফর্মটা যেকোনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি।জার্মানি-কানাডা ছাড়াও আরও একটি ম্যাচ আছে আজ। সিনসহেইমে নাইজেরিয়া মুখোমুখি ফ্রান্সের। মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্ট খেলছে। রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বের খেলা শেষে প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। এএফপি, ওয়েবসাইট।