মার্শাল আইয়ূবের সেঞ্চুরি, মিরপুরে ব্যাটিং উৎসব
জিয়াউর রহমানের ব্যাটিং ঝড়ের পর থেকে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাটসম্যানদেরই দাপট। প্রাইমব্যাংক দক্ষিণাঞ্চলের ৩৪৩ রানের জবাবে ব্যাট করে ওয়ালটন মধ্যাঞ্চল তুলেছে ৯ উইকেটে ৪৩৩ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৩১। দিনশেষে পূর্বাঞ্চল এগিয়ে আছে ৫৯ রানে।৩ উইকেটে ২১০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়ালটন মধ্যাঞ্চল। শেষ পর্যন্ত তাদের স্কোর গিয়ে দাঁড়ায় ৪৩৩। হাতে এক উইকেট রেখে ৯০ রানে এগিয়ে থেকে নিজেদের ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল।মধ্যাঞ্চলের ব্যাটিং সাফল্যের কেন্দ্রে আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মার্শাল আইয়ূব। ১২৫ রানের অনবদ্য এক ইনিংস খেলে তিনি মধ্যাঞ্চলের বড় সংগ্রহে সবচেয়ে বড় অবদান রাখেন। অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৬৬ রান। নিচের দিকে মোশাররফ হোসেনের ৪৩, ইলিয়াস সানির ৩৬ এবং নূরুল হাসানের ২৭ রানের সুবাদে প্রথম ইনিংসের লিডটাকে ৯০ পর্যন্ত নিয়ে যায় ওয়ালটন মধ্যাঞ্চল।প্রাইমব্যাংক দক্ষিণাঞ্চলের পক্ষে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার সোহাগ গাজী। তবে তিনি ছিলেন বেশ খরুচে। ৪ উইকেট তুলে নিতে সোহাগ খরচ করেন ১৬২ রান। পেসার রবিউল ৮৩ রানে ২টি এবং মুরাদ খান ৬৩ রানে ২ উইকেট নিয়ে মধ্যাঞ্চলের সংগ্রহকে আরও দূরে যেতে দেননি। দিনশেষে ইমরুল কায়েসের উইকেট হারিয়ে প্রাইমব্যাংক দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে তুলেছে ৩১ রান। ইমরুল ১২ রানে মাহমুদউল্লাহর বলে ইলিয়াস সানির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। ইমরুলের বিদায়ের পর উইকেটে এসেছেন এনামুল হক। অপরপ্রান্ডে ফজলে হোসেন অপরাজিত ছিলেন ১২ রানে।