মার্শালের পর সৌম্য

এই প্রস্তুতি ম্যাচ নতুন অনেক কিছুই দেখিয়েছে। শেষটায় এসে বুঝি নতুন একটা ‘ইতিহাস’ও গড়ে ফেলল। প্রস্তুতি ম্যাচ শেষে ‘ভিক্টরি ল্যাপ’, সেটাও আবার দুই দল মিলে, কবে কে দেখেছে!ঠিক সে অর্থে পুরো মাঠ প্রদক্ষিণ নয়। তবে ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের কাছে ছুটে গেলেন ক্রিকেটাররা। হাত নাড়লেন, হাত মেলালেন, অটোগ্রাফের দাবি মেটালেন। কোচ শেন জার্গেনসেনই আসলে ক্রিকেটারদের পাঠিয়েছেন দর্শকদের ধন্যবাদ জানাতে। আগের দুই দিনের চেয়ে কাল আরও বেশি দর্শক মাঠে, হাজার দুয়েক তো হবেই। মাঠের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার আঁচ তো ছিলই, প্রতিদিনই দল বেঁধে মাঠে আসা দর্শকেরাও ম্যাচটিকে সত্যিকারের এক ম্যাচের আবহ এনে দিয়েছিল। প্রশংসা প্রাপ্য আসলে খুলনার পুরো আয়োজনেরই। দফায় দফায় বৃষ্টির পরও অত্যাধুনিক পানিনিষ্কাশনব্যবস্থার কারণে ম্যাচ হলো প্রায় পুরোটাই। সঙ্গে ব্যবস্থাপনা ছিল যথেষ্ট ভালো। জার্গেনসেন তো উচ্ছ্বসিত প্রশংসা করলেন।কাল শেষ দিনে মাঠের ক্রিকেটে ঘটনার ঘনঘটা কম থাকলেও ব্যক্তিগত প্রাপ্তি ছিল। ১৪৭ রান নিয়ে দিন শুরু করে মার্শাল আইয়ুব অবশ্য থমকে গেছেন দিনের শুরুতেই। এনামুল জুনিয়রের বাড়তি লাফানো বলে কট বিহাইন্ড ১৫৭ রানে। তবে আগের দিনের প্রতিশ্রুতিকে কাল প্রাপ্তিতে রূপ দিয়েছেন সৌম্য সরকার। ৫৫ রান নিয়ে দিন শুরু করেছিলেন, সোহাগ গাজীকে ওয়াইড লং অন দিয়ে উড়িয়ে সেঞ্চুরি ছুঁয়েছেন লাঞ্চের আগেই। রুবেলকে পুল করে চার মারার পর উড়িয়েছেন কাভার পয়েন্টের ওপর দিয়ে। ১৫৭ বলে ১৭ চার ও ৩ ছয়ে ১১৫ করে বোল্ড হয়েছেন সোহাগের বলে। জাতীয় ক্রিকেটারদের সঙ্গে, জাতীয় কোচ-নির্বাচকদের সামনে এমন একটা ইনিংস ২০ বছর বয়সী প্রতিভাবান এই বাঁহাতির ভবিষ্যতের পথ চলায় দারুণ এক পাথেয়ই।খানিকটা প্রাপ্তিযোগ ছিল শাহরিয়ার নাফীসেরও। সবুজ দলে তাঁর ওপেনিং সঙ্গী জহুরুলের সঙ্গে অদৃশ্য একটা লড়াই চলছে টেস্ট দলে তামিম ইকবালের সম্ভাব্য সঙ্গী হিসেবে। কাল ১৭ রানে আউট হয়ে হতাশায় তাই খানিকক্ষণ উইকেটেই দাঁড়িয়ে থাকলেন জহুরুল। শর্ট বলে খানিকটা অস্বস্তি থাকলেও বাজে বলগুলোর প্রাপ্য শাস্তি দিয়ে শাহরিয়ার করেছেন ৭১ বলে ৫৭। দ্বিতীয় ইনিংসেও ভালো বোলিং করেছেন রাজ্জাক। কোচের পরামর্শে বেশি চাপ না নিতে কাল আর বোলিং করেননি মাশরাফি মুর্তজা। তবে তাঁর ফেরাটা যেমন ছিল আশা-জাগানিয়া, তেমনি প্রস্তুতি ম্যাচটাতেও সব মিলিয়ে প্রস্তুতি ভালোই হলো।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি সবুজ ১ম ইনিংস: ২৬৮
বিসিবি লাল প্রথম ইনিংস: ৮৮.৩ ওভারে ৩৯১ (মার্শাল ১৫৭, সৌম্য ১১৫, মাশরাফি ৬, মুক্তার ১৫, রাজ্জাক ১২*, শফিউল ৫; রবিউল ১৩-০-৬০-২, রুবেল ১১-১-৫৫-২, আল আমিন ৯.৩-১-৩০-২, সোহাগ ২২-০-১২৬-২, এনামুল জুনিয়র ২৬-৬-৮০-২, মমিনুল ১-০-৯-০, মেহরাব ১-০-৭-০, রকিবুল ১-০-১১-০, জিয়াউর ৪-০-১১-০)।
বিসিবি সবুজ ২য় ইনিংস: ৪৬ ওভারে ১৭১/৫ (জহুরুল ১৭, শাহরিয়ার ৫৭, রকিবুল ১৮, মেহরাব ২৫, মুশফিক ৩৭*, জিয়াউর ১৪, সোহাগ ৩*; শফিউল ৯-২-৩০-০, সাজেদুল ৫-০-১৬-০, রাজ্জাক ১২-২-৫৮-২, মুক্তার ৫-০-২৪-০, মাহমুদউল্লাহ ৬-৩-৮-১, নাঈম ৪-০-১৩-০, নাসির ৪-১-১৫-২, মার্শাল ১-০-৭-০)।