মার্শালের সেঞ্চুরিতে ড্র দেখছে মিরপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের খেলা শুরু হয়েছে সোয়া এক ঘণ্টা দেরিতে, শেষ হলো আম্পায়ারদের বেঁধে দেওয়ার সময়ের ২৭ মিনিট আগে। তার পরও তৃতীয় দিন শেষে দুই আম্পায়ার এনামুল হক ও মাহফুজুর রহমানের মুখে হাসি। কুয়াশার বিরুদ্ধে এদিনের সাফল্যটা তো অন্তত আগের দিনের তুলনায় বেশি! তবে চার দিনের ম্যাচের তিন দিন শেষ হয়ে গেলেও খেলা হয়েছে দুই ইনিংসের চেয়ে সামান্য বেশি। ওয়ালটন মধ্যাঞ্চল বনাম প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ম্যাচটা তাই ড্র-ই দেখছে বলা যায়।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল কুয়াশার দাপট খুব বেশি ছিল না। বরং কুয়াশাভেদী দুর্দান্ত এক সেঞ্চুরিতে সব দাপট যেন মধ্যাঞ্চলের ব্যাটসম্যান মার্শাল আইয়ুবের। দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে মধ্যাঞ্চল ৯০ রানের লিড পেল তাঁর ১২৫ রানের ইনিংসের সৌজন্যেই। ৯ উইকেটে ৪৩৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল।আলোকস্বল্পতার কারণে এরপর আর খেলা হতে পারল মাত্র ৫ ওভার ১ বল। ওপেনার ও অধিনায়ক ইমরুল কায়েসের ভুলে তার মধ্যেই নড়বড়ে হয়ে গেছে দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংসের শুরুটা। মধ্যাঞ্চল অধিনায়ক মাহমুদউল্লাহর বলে দারুণ এক স্কয়ার কাটে বাউন্ডারি মারলেন ইমরুল। পরের বলেও মাহমুদউল্লাহ ওই শট খেলারই লোভ দেখালেন। সেই ফাঁদে পা দিয়ে ইমরুল কাভারে ক্যাচ দিলেন ইলিয়াস সানির হাতে। ১ উইকেটে ৩১ রান নিয়ে দিন শেষ হলো দক্ষিণাঞ্চলের।মধ্যাঞ্চল ঠিক উল্টোভাবেই শুরু করেছিল দিনটা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও মার্শাল যথারীতি বেগ দিয়ে যাচ্ছিলেন দক্ষিণাঞ্চল বোলারদের। ১৪৭ রানে তৃতীয় উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে ৬৩ রান যোগ করে আগের দিন শেষে অপরাজিত ছিলেন দুজন। মার্শাল ফিফটি করে ফেলেছিলেন, মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ২০ রানে। কালও সেই ব্যাটিংটাই ধরে রেখে দুজনই পৌঁছে যান পরের গন্তব্যে। অফ স্পিনার মুরাদ খানের বলে এলবিডব্লু হয়ে যাওয়ায় মাহমুদউল্লাহ ফিফটির পর আর এগোতে না পারলেও মার্শালের সঙ্গে জুটিতে ততক্ষণে হয়ে গেছে ১৫০ রানের।তবে মার্শাল সেঞ্চুরি করেই ফিরেছেন। ব্যক্তিগত ৯৮ রান থেকে এক শ পার হয়েছেন রবিউলের বলে ডাউন দ্য উইকেটে গিয়ে কাভার ড্রাইভে মারা দুর্দান্ত বাউন্ডারিতে। ১৩৮ বলে করা সেঞ্চুরিতে বাউন্ডারি ছিল আরও এক ডজন, সঙ্গে ৪ উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের সেরা বোলার সোহাগ গাজীকে লং অনের ওপর দিয়ে মারা দুটি ছক্কাও। তবে সেঞ্চুরির পর একটু যেন খোলসবন্দী হয়ে পড়েন মার্শাল। মোশাররফ হোসেনের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রানআউট হওয়ার আগে আরও যে ২৫ রান করেছেন, তাতে বল খেলেছেন ৫৫টি, বাউন্ডারি মারতে পেরেছেন মাত্র একটি। তার পরও জাতীয় লিগের করা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পেরে খুশি এই মিডল-অর্ডার ব্যাটসম্যান, ‘ফর্ম ভালো যাচ্ছে, ইনিংসগুলো বড় করার চেষ্টা করছি। এবার উইকেটও ব্যাটিংয়ের জন্য ভালো। আরও বড় ইনিংস খেলা উচিত ছিল।’ সর্বশেষ জাতীয় লিগে মার্শালের করা ৬০৪-ই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত রান, দুই সেঞ্চুরির একটাকে নিয়ে গিয়েছিলেন ডাবল সেঞ্চুরিতে।দলের ৩২৮ রানের সময় মার্শালের বিদায়ের পর মধ্যাঞ্চলকে এগিয়ে নিয়েছেন মোশাররফ-নুরুল হাসান-সানি। তাদের যৌথ প্রচেষ্টায়ই চার শ পেরিয়ে যায় দলের প্রথম ইনিংস। আজ শেষ দিনে ম্যাচটা যদি ড্র-ও হয়, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে অন্তত ৩ পয়েন্ট নিশ্চিত ওয়ালটন মধ্যাঞ্চলের। সংক্ষিপ্ত স্কোরপ্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: ৩৪৩ ও ৫.১ ওভারে ৩১/১ (ইমরুল ১২, রাব্বি ব্যাটিং ১২, এনামুল ব্যাটিং ১; মাহমুদউল্লাহ ১/৫)। ওয়ালটন মধ্যাঞ্চল ১ম ইনিংস: ১১৫.৪ ওভারে ৪৩৩ (মার্শাল ১২৫, মাহমুদউল্লাহ ৬৬, মেহরাব ১, মোশাররফ ৪৩*, নুরুল ২৭, সানি ৩৬, শাহাদাত ০; সোহাগ ৪/১৬২, মুরাদ ২/৬৩, রবিউল ২/৮৩)।