মার্শেইয়ের দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু তাঁর একমাত্র অপূর্ণতা, বিশ্বকাপে খেলতে পারেননি। কেননা ঘানা তাঁর খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপের মূল পর্বেই জায়গা করে নিতে পারেনি। ছেলেদের দিয়ে এই অপূর্ণতা ঘুচিয়েছেন ‘আফ্রিকার পেলে’ আবেদি আইয়ু পেলে। দুই ছেলে আন্দ্রে ও ইব্রাহিম ছিলেন ঘানার ২০১০ বিশ্বকাপ স্কোয়াডে। ইব্রাহিমের অবশ্য কোনো ম্যাচ খেলা হয়নি। কিন্তু আন্দ্রে আইয়ু রীতিমতো তারকার ঔজ্জ্বল্যই ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকায়। বাবার পদাঙ্ক অনুসরণ করে ইউরোপের ক্লাব ফুটবলেও আলো ছড়াচ্ছেন আন্দ্রে। বাবা যে ক্লাবের হয়ে ইউরোপিয়ান কাপ জিতেছিলেন, সেই অলিম্পিক মার্শেইকে ফ্রান্সের ঘরোয়া ফুটবলের আলোকিত বৃত্তে নিয়ে যাচ্ছেন ২১ বছর বয়সী স্ট্রাইকার। লিগ কাপ জেতানোর কয়েক দিনের মধ্যেই দলকে তুলে দিলেন ফ্রান্সের লিগ ওয়ানের শীর্ষে। গত বুধবার নিসের বিপক্ষে মার্শেই ৪-২ গোলে জিতল তাঁর হ্যাটট্রিকের সৌজন্যে। ম্যাচটাই ছিল আইয়ু ভাইদের। চার গোলের বাকিটা করেছেন আন্দ্রের দুই বছরের ছোট ভাই জর্ডান। এই জয়ে দীর্ঘদিন ধরে লিগের শীর্ষে থাকা লিলেকে টপকে মার্শেই শীর্ষে উঠে গেল লিগের, ব্যবধান ১ পয়েন্ট। বাকি আছে ৬ ম্যাচ, মার্শেইর চোখে ভেসে উঠেছে শিরোপা-স্বপ্ন। আর এই স্বপ্ন জাগিয়েছেন যে দুই খেলোয়াড়, সেই আইয়ু ভাইদের খেলায় মুগ্ধ কোচ ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক দিদিয়ের দেশম, ‘আইয়ু ভাইদের খেলা দেখে আমি মুগ্ধ। আন্দ্রেকে আমি জানতাম প্রতিভাধর, কিন্তু জর্ডান অপেক্ষাকৃত তরুণ, অভিজ্ঞতাও কম। সেও এই সন্ধ্যায় তার প্রতিভাটা দেখাল। এটা দুর্দান্ত, কেননা আমার হাতে বেশি স্ট্রাইকার নেই।’ এএফপি।