মার্শেলির বিপক্ষে ‘আবেগঘন’ দ্রগবা
সংখ্যার বিবেচনায় বললে সম্পর্কটা খুব বেশি দিনের নয়। অলিম্পিক মার্শেলির হয়ে খেলেছেন মাত্র একটা মৌসুম। কিন্তু সংখ্যা দিয়ে মার্শেলির সঙ্গে দিদিয়ের দ্রগবার সম্পর্কটা মূল্যায়ন করা যাবে না। চেলসিতে যোগ দেওয়ার পরও চেয়েছিলেন ফিরে যেতে। দ্রগবা চেয়েছিলেন, পুরো ক্যারিয়ার মার্শেলির হয়ে খেলে কাটিয়ে দিতে!২০০৪ সালে মার্শেলিকে উয়েফা কাপ ফাইনালে তোলে চেলসিতে এসেছিলেন দ্রগবা। এত বছর পর এ নিয়ে আলোচনা হচ্ছে, কারণ—কাল বুধবার চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে মার্শেলির বিপক্ষেই যে চেলসির হয়ে লড়তে হবে দ্রগবাকে! প্রিয় দলকে কীভাবে বিধ্বস্ত করার লড়াইয়ে নেতৃত্ব দেবেন আইভরিকোস্টের এ তারকা স্ট্রাইকার!চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত হয়েছে চেলসি-মার্শেলি দুই দলেরই। এ ম্যাচে হার হয়তো কোনো দলের ওপরই প্রভাব পড়বে না। তার পরও প্রিয় দলের বিপক্ষে লড়াই বলে কথা! তা ছাড়া এ ম্যাচে হারের পাল্লাটাও ঝুঁকে আছে মার্শেলির দিকে। রয়টার্স জানিয়েছে, কোনো রাখঢাক না করেই দ্রগবা আজ মঙ্গলবার বলেছেন, ‘সব কিছু মিলিয়ে আমি আবেগে আচ্ছাদিত। চেষ্টা করব, চেলসির হয়ে নিজের সর্বোচ্চ খেলাটাই খেলা। কিন্তু পরিস্থিতি কীভাবে সামলাব বুঝতে পারছি না আমি। জীবনে প্রথমবারের মতো এ রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’