মার্সেলো লিপ্পির চ্যালেঞ্জ আস্থা অর্জনের
শিরোপা ধরে রাখার কঠিন এক চ্যালেঞ্জ নিয়ে দক্ষিণ আফ্রিকায় পা রাখবে ইতালি। ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর গত চার বছরে এই দলটির কোনো সাফল্য নেই। ২০০৮ সালে ইউরোতে দলটি দারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছিল। কোচ মার্সেলো লিপ্পি সম্পর্কে দুর্নাম রটেছে, তিনি বয়স্ক খেলোয়াড়দের প্রাধান্য দেন। বিশ্বকাপ জয়ের পর লিপ্পি ইতালির জাতীয় বীরে পরিণত হয়েছিলেন। সময়ের তোড়ে তাঁর সেই সুনাম আজ ভুলুণ্ঠিত হওয়ার পথে। ইতালির সমর্থকেরা মনে করেন, মার্সেলো লিপ্পির অতিরিক্ত বয়স্ক খেলোয়াড়-প্রীতিই দলটিকে কোনো সাফল্য এনে দিতে পারেনি। তবে লিপ্পি নিজে এই দুর্নামের ভাগীদার হতে রাজি নন। এবারের বিশ্বকাপে তাই সমালোচকদের মুখ বন্ধ করে দিতে চান তিনি। এনে দিতে চান ইতালিকে পঞ্চম বিশ্বকাপ শিরোপা।২০০৬ সালে বিশ্বকাপ জয়ের পর মার্সেলো লিপ্পি ইতালির দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। এর দুই বছর পর ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের আগে আবার দলের দায়িত্ব নেওয়াটাকে একেবারেই ভালো চোখে দেখেননি অনেকে। তাই তাঁর হারানো গৌরব ফিরিয়ে আনতে এবারের বিশ্বকাপে ভালো করার কোনো বিকল্প নেই তাঁর সামনে। আর ইতালি এমন এক দল, এই দলের ভালো বলতে বোঝায় শিরোপা জয়। শিরোপা ধরে রাখার এই কঠিন দায়িত্ব বর্তেছে ৬২ বছর বয়স্ক মার্সেলো লিপ্পির অভিজ্ঞ কাঁধে।ইতালি এবারের বিশ্বকাপে যে সমস্যাগুলো মোকাবিলা করবে, এর মধ্যে অন্যতম হলো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফর্মহীনতা। ফ্যাবিও ক্যানাভারো ও মাওরো ক্যামেরনসির মতো খেলোয়াড়েরা একেবারেই ফর্মে নেই। অথচ লিপ্পির বিশ্বকাপ পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দুই খেলোয়াড়।তবে সবচেয়ে বড় কথা, দল নিয়ে সমালোচকদের কথাবার্তা একেবারেই কানে তুলতে নারাজ লিপ্পি। তিনি স্পষ্ট বলেছেন, ‘কে কী বলছে, এটা কোনো বিষয় নয়। সমালোচকেরা বলছেন, দলের কেউ ফর্মে নেই। তাঁদের বলছি, বিশ্বকাপ শুরু হতে দিন না। মাঠেই সবকিছু প্রমাণিত হবে।’এদিকে বিশ্বকাপের সফলতা-ব্যর্থতার ওপর নির্ভর করছে লিপ্পির ভবিষ্যত্। ইতালির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিয়ানকার্লোর সঙ্গেও তাঁর বনিবনা হচ্ছে না। বিশ্বকাপের পর ইতালির কোচ কে হচ্ছেন, তা বিশ্বকাপের আগেই নিশ্চিত হতে যান জিয়ানকার্লো। তবে বিশ্বকাপের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে মত দিয়েছেন লিপ্পি। তবে ইতালির স্থানীয় মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী ১১ জুলাই বিশ্বকাপ শেষ হওয়ার আগে নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে দিতে পারেন লিপ্পি।