মার্সেলোর ভাবনা

ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশে যে কয়েকজনকে ধরা হচ্ছে অপরিহার্য, তাঁদের একজন মার্সেলো। ২০১২ সালের নভেম্বরে লুইস ফেলিপে স্কলারি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের সব ম্যাচেই খেলেছেন প্রথম একাদশে। তবু বিশ্বকাপে ব্রাজিলের প্রথম একাদশে নিজেকে প্রথম পছন্দ ভাবতে পারছেন না ২৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। হলুদ-নীল জার্সি গায়ে ৩০টি ম্যাচ খেলা মার্সেলো এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন প্যারিস সেন্ট-জার্মেইয়ের ম্যাক্সওয়েলকে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম একাদশে নিজের জায়গা নিয়ে অস্বাচ্ছন্দ্যবোধের কথা জানিয়ে মার্সেলো বলছেন, ‘আমিই প্রথম পছন্দ, এটা আমার মনে হয় না। আমি যদি এটা বলি তাহলে অসম্মান করা হয় ম্যাক্সওয়েলকে। আমরা একই পথের যাত্রী, লড়াই করছি দলে ঠাঁই পাওয়ার জন্য। আমি খেলতে চাই, সেও খেলতে চায়; আমরা দুজনেই রয়েছি দলকে সাহায্য করার জন্য।’ মার্সেলোর এই ‘শঙ্কা’ থেকেই এটা অনুমান করে নিতে পারেন, এবার কেন ফেবারিট ভাবা হচ্ছে ব্রাজিলকে! রয়টার্স।