মালদ্বীপের বিপক্ষে সান্ত্বনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুত্বহীন ম্যাচ জিতে ব্যর্থতার ক্ষতে একটু প্রলেপ দিতে চাইল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। কাল মালদ্বীপকে ১-০ গোলে হারাল ৩১ মিনিটে তৌহিদের দেওয়া গোলে। কিন্তু তাতে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষে অনূর্ধ্ব-২৩ ফুটবলে বাংলাদেশের বিবর্ণ চেহারাটা একটুও আড়াল হয় না। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে (দুই ম্যাচেই ১-০) হার বাংলাদেশের ফুটবলের জন্য একটা নেতিবাচক বিজ্ঞাপন। ফাইনালে ওঠার আশা প্রথম দুই ম্যাচেই শেষ। তৃতীয় ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল স্রেফ নিয়মরক্ষার। মালদ্বীপের জন্যও তা-ই। শ্রীলঙ্কাকে ৩-০ ও পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে মালদ্বীপ আগেই নাম লেখায় ফাইনালে। এদিকে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলের হারে ভীষণ ক্ষুব্ধ বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। পরশু বলছিলেন, ‘এই দলের সবকিছুই বদলে ফেলতে হবে। কিছুই তারা ঠিকভাবে করতে পারেনি। আস্থা রেখেছিলাম, প্রতিদান দিল এমন লজ্জাজনক হার দিয়ে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’বাংলাদেশ দল ফিরছে আগামীকাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু ১২ ডিসেম্বর। ওই দিন ফেনীতে খেলবে স্বাগতিক ফেনী সকার ও বিজেএমসি। ১৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেল-মোহামেডান ম্যাচ। পরদিন একই স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী-শেখ জামাল।