মালয়েশিয়াকে আটকেই দিল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকক-বিপর্যয় সামাল দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল দল। এই ঘুরে দাঁড়ানোটা মাত্র তিন দিনের মাথায়। ১৭ নভেম্বর থাইল্যান্ডের কাছে বাংলাদেশ দলের ৫-০ গোলে উড়ে যাওয়ার দুঃস্মৃতি এখনো তরতাজাই। সেটি খানিকটা মুছে গেল কাল। পাঁচ গোলে হারা সেই বাংলাদেশই কাল কুয়ালালামপুরে প্রীতি ম্যাচে দশজন নিয়েও ১-১ ড্র করেছে মালয়েশিয়ার সঙ্গে।মাচের পর কুয়ালালামপুর থেকে মুঠোফোনে যখন ধরা হয় দলের ব্যবস্থাপক সত্যজিৎ দাসকে, কোচ সাইফুল বারী তখন সংবাদ সম্মেলনে। সেখানে সাইফুলের কণ্ঠে ছিল প্রত্যয়, ‘আমরা আজ (কাল) সামর্থ্য অনুযায়ী খেলতে পেরেছি। এটা খুব ইতিবাচক।’ ওদিকে সত্যজিতের গলায়ও থাকল উচ্ছ্বাস, ‘বল পজেশনে একটু এগিয়ে ছিল মালয়েশিয়া। তবে সমান তালেই খেলা হয়েছে। বাংলাদেশ দল ভালো খেলেছে। ওদের ওপেন চান্স খুব একটা দেয়নি।’ওই একটা সুযোগেই মালয়েশিয়া করে ফেলল ১-০। ম্যাচের বয়স তখন ২৩ মিনিট। স্থানীয় বুকিত জলিল স্টেডিয়ামের গ্যালারিতে কয়েক হাজার প্রবাসী লাল-সবুজ পতাকা নিয়ে হাজির, তারা অনুপ্রেরণা দিয়ে যাচ্ছিল দলকে। কিন্তু হঠাৎই ভুল। কর্নার থেকে বক্সে আসা বল ক্লিয়ার করতে পারেননি সুজন-ওয়ালিরা। গোলরক্ষক মামুন খানও বের হয়নি। ফলে খাইরুল মোহাইমিনের হেডে মালয়েশিয়া পেয়ে যায় গোল। এরপর গোল শোধের জন্য চেষ্টা করে যাচ্ছিল বাংলাদেশ। মাহেন্দ্রক্ষণটা এসেছে ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে। বাতেনের পাস থেকে বদলি ফরোয়ার্ড মিঠুন যখন ১:১ অবস্থায় প্রতিপক্ষ পোস্টে শট নেবেন, এমন সময় এক ডিফেন্ডার তাঁকে ফেলে দেন। পেনাল্টি থেকে এমিলির গোল (১-১)। সমতাসূচক গোলটা আসার নয় মিনিট আগে বাংলাদেশ দশজনের দলে পরিণত। মিডফিল্ডার প্রাণতোষ দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। এমনিতে মালয়েশিয়ার সঙ্গে ড্র করা বাংলাদেশের জন্য প্রশংসা পাওয়ার মতো ফল। তার ওপর দশজনের দল হয়ে ম্যাচে ফেরা বাড়তি কৃতিত্বেরই। ফিফা র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া (১৬৩) মাত্র আট ধাপ এগিয়ে। তবে কাগজের হিসাবের চেয়ে বাস্তবে ব্যবধানটা আরও বেশিই। এর আগে দুদলের আট সাক্ষাতে বাংলাদেশের জয় একটি, মালয়েশিয়ার বাকি সাতটি। ম্যাচ খেলতে খেলতেই একসময় বাংলাদেশ ভালো দলে পরিণত হবে—এ কথা সবাই বলছেন। কারণ, ম্যাচ খেলার কোনো বিকল্প নেই। প্রীতি ম্যাচ সংস্কৃতিটা চালু হয়েছে খুব বেশি দিন নয়। গত ২০ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ, যেটি ছিল ১-১। তারপর ব্যাংকক ও মালয়েশিয়া সফর। শুরুটা বাজে হলেও শেষটা আশাব্যঞ্জকই হয়ে রইল।বাংলাদেশ দল: মামুন খান, ওয়ালি, সুজন, মামুন মিয়া, নাসিরউদ্দিন, আতিকুর, প্রাণতোষ, মামুনুল, জাহিদ (মিঠুন), শাকিল (বাতেন/লিংকন), এমিলি (রেজাউল)।