মালয়েশিয়ার বিপক্ষে কমল ব্যবধান
এশিয়ান গেমস হকির প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে পারফরম্যান্সের উন্নতি হয়েছে বাংলাদেশের। আজ ইনচনের সিউনহাক হকি স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে গোলের ব্যবধান কমিয়ে এনে বাংলাদেশ হেরেছে ৫-১ গোলে।
আন্তর্জাতিক হকির নতুন নিয়মানুসারে এখন ৬০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয় চার-অর্ধে। ম্যাচের প্রথম তিন অর্ধে মালয়েশিয়ার বিপক্ষে লড়াইটা সমানতালেই করেছে বাংলাদেশ। তবে শেষ অর্ধে ১৪ মিনিটের ব্যবধানে চার গোল হজম করে ম্যাচের শেষটা হয়েছে তথৈবচ।
প্রথমার্ধের ২০ মিনিটে মালয়েশিয়া ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর এর ১০ মিনিট পরেই গোলটি শোধ করে দেন বাংলাদেশের কৃষ্ণকুমার দাস। ৩০ মিনিটে করা কৃষ্ণের গোলটি ছিল দারুণ এক ফিল্ড গোল। এরপর প্রতিদ্বন্দ্বিতায় সমতা থাকলেও ৪৬ মিনিটে (খেলার চতুর্থ অর্ধে) মালয়েশিয়া এগিয়ে যায় ২-১ গোলে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে মালয়েশিয়া তাদের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গোলটি করে খেলার মাত্র আট মিনিটের ব্যবধানে (৫২, ৫৯ ও ৬০ মিনিটে)।
এশিয়াড হকিতে নিজেদের গ্রুপে বাংলাদেশ শেষ দুটি ম্যাচে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে।