মালাগাকে ডর্টমুন্ডের উল্টো খোঁচা
ব্যাপারটা এখন আর তর্কযুদ্ধের পর্যায়ে নেই, চলে গেছে নোংরা কাদা ছোড়াছুড়ির দিকে। শুরুটা করেছিলেন মালাগার নতুন মালিক। অভিযোগ করেছিলেন, রেফারির সিদ্ধান্ত যে তাঁদের বিপক্ষে গেছে, তার কারণ বর্ণবাদ। ডর্টমুন্ডও পাটকেল ছুড়ে বলেছে, আরব অর্থায়নে পুষ্ট মালাগার এমন অভিযোগ করাটা সাজে না। অবস্থাটা এমনই, দুই দলের আরেকটা ম্যাচ হলে সেটা বোধ হয় ফুটবল নয়, যুদ্ধই হবে!বিতর্কের শুরু গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের পর। নাটকীয় শেষ ৭০ সেকেন্ডে দুই গোল দিয়ে ডর্টমুন্ড উঠে যায় সেমিফাইনালে। তবে এমন মহাকাব্যিক প্রত্যাবর্তনে কালি লাগিয়ে দেয় রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডর্টমুন্ডের গোলটা যে অফসাইড ছিল, রিপ্লেতেই সেটা দেখা গেছে। ম্যাচ শেষে টুইটারে জমে ওঠা সব ক্ষোভ উগরে দেন মালাগার কাতারি প্রেসিডেন্ট আবদুল্লাহ বিন নাসের আল থানি, ‘এটা কোনো ফুটবল নয়। এটা পরিষ্কার বর্ণবাদ। আমি উয়েফার কাছে এ ব্যাপারে একটা পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানাচ্ছি।’তবে মালিকের মতো সরাসরি উয়েফাকে কাঠগড়ায় দাঁড় করাননি ক্লাবের পরিচালক ভিসেন্তে কাসাদো, ‘এটা ভয়াবহ একটা ব্যাপার। মালাগাই শুধু হারেনি, ফুটবলও হেরেছে। আমাদের অভিযোগ উয়েফার বিরুদ্ধে নয়, বরং রেফারিংয়ের বিরুদ্ধে। রেফারিং মোটেই কাঙ্ক্ষিত মানের ছিল না।’ কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির কণ্ঠেও একই সুর, ‘এখানে আমরা উঠতে পারিনি না বলে তারা (রেফারিরা) আমাদের উঠতে দেয়নি বলাটাই উচিত হবে। আমরা ২-১-এ এগিয়ে যাওয়ার পর কোনো রেফারিংই হয়নি।’তবে মালাগাকে এবার দেখতে হচ্ছে মুদ্রার উল্টো পিঠটা। সমালোচনার তির থেকে বাঁচতে পারছে না তারাও। ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হান্স জোয়াকিম ওয়াজকে কাঠগড়ায় তুলেছেন তাদের। তাঁর কথা, আরবের টাকায় পরিপুষ্ট মালাগার মতো ক্লাবগুলো ফুটবলের বড় ক্ষতি করছে, ‘এমন কাঁড়ি কাঁড়ি টাকা ঢালা খেলোয়াড়িসুলভ নয়, ঠিকও নয়। আমাদের মূল কাজ তো খেলাই। আমরা খেলায় স্বচ্ছতা ও সম্মানের আশা করতে পারি না, যতক্ষণ পর্যন্ত এটা সব পর্যায়ে প্রতিফলিত হচ্ছে।’এর পরই মেরেছেন আসল খোঁচাটা, ‘আমার কেন জানি মনে হয়, আরব শেখরা বিমানের সূচি দেখে এমন একটা বড় শহর বেছে নেন, যেখান থেকে উপসাগরীয় অঞ্চলের যোগাযোগটা সবচেয়ে ভালো হয়। কিন্তু ব্যাপারটা আসলে এমন নয়।’গত মৌসুমেই কাতারি বিনিয়োগের পর বেশ মোটা অঙ্ক নিয়ে দলবদলের বাজারে নেমেছিল মালাগা। লা লিগায় তৃতীয় হয়ে সেটা দেখিয়েছেও। কিন্তু একটা অনর্থ ঘটিয়ে ফেলেছে এরই মধ্যে। খেলোয়াড়দের বেতন ও অন্যান্য দেনা সময়মতো পরিশোধ না করার কারণে এক বছরের জন্য সব ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয়েছে। এরই মধ্যে উয়েফা বলেছে, আল থানির আলটপকা মন্তব্যের জন্য শাস্তি জুটতে পারে তাদের কপালে। এএফপি, রয়টার্স।