ম্যানুয়েল পেলিগ্রিনি এই মৌসুম শেষেই মালাগা ছেড়ে যেতে পারেন বলে শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। গত পরশু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেটা নিজেই নিশ্চিত করলেন পেলিগ্রিনি, ‘পেশাগতভাবে মালাগায় আমি আমার শেষ সময়টা কাটাচ্ছি। রোববারের ম্যাচটা হবে মালাগার কোচ হিসেবে আমার শেষ ম্যাচ।’
পেট্রোডলারের আশীর্বাদপুষ্ট মালাগার দুর্দান্ত উত্থানের কারিগর ছিলেন এই চিলিয়ান কোচ। এই মৌসুমে তো চ্যাম্পিয়নস লিগের অভিষেকেই কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছিলেন দলকে। ডর্টমুন্ডের কাছে শেষ মুহূর্তে ২ গোল না খেলে স্বপ্নযাত্রা আরও দীর্ঘই হতো। তবে এর আগেই আর্থিক অনিয়ম যেমন বেতন-ভাতা ও কর বকেয়া থাকায় ইউরোপীয় প্রতিযোগিতা থেকে ক্লাবটিকে এক বছরের জন্য নিষিদ্ধ করে উয়েফা। পরশু উয়েফা অবশ্য নিষেধাজ্ঞাটা তুলে নিয়েছে। সুতরাং আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে না খেলতে পারলেও ইউরোপা লিগে খেলতে পারবে মালাগা।
মালাগাকে ছেড়ে যাওয়ার কথাটা ভাবতেই আবেগাপ্লুত হয়ে পড়লেন ‘দি ইঞ্জিনিয়ার’খ্যাত কোচ, ‘মুহূর্তটা হবে দারুণ আবেগের। আশা করি, ইউরোপে উত্তরণ দেখেই ক্লাব ছাড়তে পারব। সঙ্গে একটা লক্ষ্য পূরণের তৃপ্তিও যেমন থাকবে, থাকবে পরিকল্পনা বদলে যাওয়ার অতৃপ্তিও।’ নিজের পরিকল্পনা বদলের কারণটাও জানিয়েছেন, ‘কোনো আর্থিক কারণে নয় বরং একটা ক্রীড়া লক্ষ্য পূরণ করারই সুযোগ পেতেই যাচ্ছি।’ পেলেগ্রিনিকে ম্যানচেস্টার সিটি নিচ্ছে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই নিচ্ছে বলে খবর। গত সপ্তাহে মানচিনি সিটি থেকে বরখাস্ত হওয়ার পরই সিটির লোভনীয় চাকরিটা এসে গেছে তাঁর হাতের নাগালে।
ইউরোপে কোচদের পালাবদলে নতুন একজনের নাম শোনা যাচ্ছে। মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির ভবিষ্যৎটা নাকি সান সিরোতে অনিশ্চিত। সাবেক মিলান মিডফিল্ডার ক্লারেন্স সিডর্ফ তাঁর জায়গা নিতে পারেন বলে গুঞ্জন। ৩৭ বছর বয়সী ডাচ মিডফিল্ডারের কোচিং অভিজ্ঞতা না থাকলেও ক্লাব মালিক সিলভিও বেরলুসকোনি নাকি তাঁর হাতেই মিলানের দায়িত্ব তুলে দিতে আগ্রহী। এএফপি।