মালাগার বিপক্ষে নেই ভিয়া
কিংস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মালাগার বিপক্ষে ম্যাচে থাকছেন না বার্সেলোনার স্ট্রাইকার ডেভিড ভিয়া। বার্সা কোচ টিটো ভিলানোভা নিশ্চিত করেছেন, ঊরুতে চোট পাওয়ায় ন্যু ক্যাম্পে আগামী রোববার অনুষ্ঠেয় ম্যাচে দেখা যাবে না ভিয়াকে।গত বৃহস্পতিবার কিংস কাপেই কর্দোবার বিপক্ষে ম্যাচে চোট পান ভিয়া। ওই ম্যাচে বার্সার ৫-০ গোলের জয়ে তাঁর অবদান ছিল দুটি গোল। ৩১ বছর বয়সী ভিয়া অবশ্য দীর্ঘ সময় ধরেই ইনজুরি সমস্যায় ভুগছেন। ২০১১ সালের ডিসেম্বরে পা ভেঙে যায় তাঁর। এ কারণে গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি তিনি।মালাগার বিপক্ষে ভিয়া থাকছেন না জানিয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভিলানোভা বলেন, ‘বড় একটা ইনজুরি থেকে ফিরে আসছিল ডেভিড (ভিয়া)। একটা সময় ছিল, যখন ওকে পুরো ফিট মনে হয়েছে। আমরাও ওকে যথেষ্ট সময় দিচ্ছিলাম।’বার্সা কোচ বলেন, স্পার্তাক মস্কোর বিপক্ষে ম্যাচের পর (গত নভেম্বর) ডেভিড সমস্যায় পড়েছিল। ওর ফিটনেস অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছিল। এবার আবারও একই ঘটনা ঘটল।’