মালাগার সাফল্যমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দশজন আরব শেখের মতোই তাঁর নামটা দেড় মাইল লম্বা। তবে শেখ আবদুল্লাহ নামেই সবাই তাঁকে চেনে। আর দশজন আরব শেখের মতোই তাঁর প্রিয় খেলা ঘোড়দৌড়। কাতার ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের অন্যতম সদস্য শেখ আবদুল্লাহ ঘোড়ায় চেপে ছুটতে ভালোবাসেন। তবে শেখ আবদুল্লাহর ব্যবসায়িক বুদ্ধিরই গতিই নাকি বেশি। কাতার ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক যখন হতে চায়, ঠিক তখনই তিনি কিনে ফেললেন স্পেনের মাঝারি সারির একটা দল। শেখ মনসুর ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করে কিনেছেন ম্যানচেস্টার সিটি, মালাগাকে কিনতে শেখ আবদুল্লাহর খরচ ৩৮ মিলিয়ন ইউরো!বিপুল ব্যয়ে কেনা সিটি যখন দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে, মালাগা প্রথমবার খেলতে এসেই উঠল দ্বিতীয় রাউন্ডে। এত এত বড় দলের ভিড়ে পরশু পর্যন্ত মাত্র দুটি দলের দ্বিতীয় রাউন্ড হলো নিশ্চিত। মালাগার সঙ্গে অন্য দলটি পোর্তো। দুটি দলই প্রতিপক্ষের মাঠে গিয়ে ১ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে নকআউট পর্ব। ডায়নামো কিয়েভের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ২০০৪ সালের চ্যাম্পিয়ন পোর্তো। মালাগা ১-১ ড্র করেছে এসি মিলানের সঙ্গে।মালাগার বদলের শুরু ২০১০ সালে, শেখ আবদুল্লাহ আসার পর। তিনি কোচ করে আনেন রিয়াল মাদ্রিদ থেকে একরকম বিতাড়িত হোসে ম্যানুয়েল পেলেগ্রিনিকে। পরের মৌসুমে মাঝারি মানের বাজেট দেওয়া হয় তাঁকে। চিলিয়ান কোচ তাঁর পোড়-খাওয়া অভিজ্ঞতা থেকে কিনে আনেন কম দামি কিন্তু কার্যকর সব ফুটবলার। সব মিলিয়ে ওই মৌসুমে ১০ জন খেলোয়াড় কেনে মালাগা, আরও আটজনকে আনা হয় ধারে। তাঁদের মধ্যে তারকা বলতে ছিলেন রুড ফন নিস্টলরয় আর মার্টিন ডেমিচেলিস। সব মিলিয়ে ১০ খেলোয়াড়কে কিনতে পেলেগ্রিনির খরচ মাত্র ৫২ মিলিয়ন ইউরো। এর মধ্যে ফন নিস্টলরয়কে ফ্রি ট্রান্সফার ফিতে আনাটা ছিল অন্যতম সাফল্য। তাঁরাই পেলেগ্রিনির মধ্যবিত্ত সংসারের সদস্য। গত মৌসুমে স্প্যানিশ লিগে চতুর্থ হয়ে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের টিকিটও পেয়ে যায় তারা।প্লে-অফ পেরিয়ে চূড়ান্ত পর্ব। প্রথম দুই ম্যাচেই ৩-০ গোলের দুই জয় নিয়ে মালাগার আগমন ঘোষণা আরও দৃঢ় ভিত্তি পায় সাতবারের ইউরোপ চ্যাম্পিয়ন মিলানকে নিজেদের মাঠে হারিয়ে। পরশু তো সান সিরো থেকে জয় নিয়ে ফেরার বড় কীর্তি গড়তে যাচ্ছিল। ৪০ মিনিটে এলিসিউয়ের গোলে এগিয়ে গিয়েছিল তারাই। ৭৩ মিনিটে এসি মিলানকে উদ্ধার করে এই মৌসুমে মিলানের হয়ে পাতোর প্রথম গোল। তবে এই একটা পয়েন্টই যথেষ্ট হয়ে যায় মালাগার জন্য। যদিও দ্বিতীয় রাউন্ডে ওঠাটাকেই ‘যথেষ্ট’ মানছেন না পেলেগ্রিনি, ‘আমাদের অভিযান শেষ হয়ে যায়নি। আমরা গ্রুপের সেরা হতে চাই, হাতে এখনো দুটি ম্যাচ বাকিও আছে।’আরেক ‘বদলে যাওয়া’ দল প্যারিস সেন্ট-জার্মেইও দ্বিতীয় রাউন্ড দেখতে পাচ্ছে ডায়নামো জাগরেবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে। ‘এ’ গ্রুপে পোর্তোর (১০ পয়েন্ট) চেয়ে মাত্র ১ পয়েন্ট কম পিএসজির। তিনে থাকা কিয়েভের চেয়ে এগিয়ে ৫ পয়েন্টে। শালকের (৮ পয়েন্ট) সঙ্গে আর্সেনালের (৭ পয়েন্ট) ড্র আর মঁপেলিয়ের বিপক্ষে অলিম্পিয়াকোসের (৬ পয়েন্ট) জয় ‘বি’ গ্রুপকে করে তুলেছে উন্মুক্ত। ২-০ গোলে এগিয়ে গিয়েও জিততে না পারার জন্য নিশ্চয়ই আরও কিছুদিন আক্ষেপ করবেন আর্সেন ওয়েঙ্গার। মালাগা চলে গেলেও ‘সি’ গ্রুপটার আকর্ষণ এখনো কমেনি। ৫, ৪ ও ৩ পয়েন্ট নিয়ে এখনো নকআউট পর্বের আশা জিইয়ে রেখেছে যথাক্রমে মিলান, আন্ডারলেখট ও জেনিত! ওয়েবসাইট।