মালাগার স্বপ্নযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বাঁশি বাজার পর রীতিমতো উৎসব হলো। দুহাত তুলে দর্শক অভিবাদনের জবাব দেওয়া, এমনকি ল্যাপ অব অনারও! না, একটুও বাড়াবাড়ি মনে হয়নি। মালাগার জন্য শেষ আটে ওঠাটা যে শিরোপা জেতার আনন্দের কাছাকাছি। স্প্যানিশ ক্লাবটি যে এবারই প্রথম খেলতে এসেছে চ্যাম্পিয়নস লিগে। আর প্রথমবারেই গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ড। এবার দ্বিতীয় রাউন্ডের বেড়া টপকে কোয়ার্টার ফাইনাল!প্রথম লেগটা পোর্তোর কাছে হেরেই এসেছিল। তবে পরাজয়টা ন্যূনতম ব্যবধানে বলেই আশা হারায়নি স্পেনে ক্লাবটি। ফিরতি লেগে দুই অর্ধের দুই গোল তাদের পৌঁছে দিল ফাইনাল থেকে দুই ধাপ দূরে! ৪৩ মিনিটে প্রথম গোলটি করেছিলেন ‘মালাগার মেসি’ ইসকো, ৭৭ মিনিটে রকে সান্তা ক্রুজ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই পোর্তোর এক খেলোয়াড়ের লাল কার্ড দেখাটাও মালাগার পক্ষে গেছে। ম্যাচ শেষে তৃপ্ত দেখাচ্ছিল কোচ হোসে ম্যানুয়েল পেলেগ্রিনিকে। মালাগার এই রূপবদলের কারিগর তো তিনিই।আরও একজন কৃতিত্ব পাবেন। ব্যবসায়িক বুদ্ধিতে ধুরন্ধর কাতারি শেখ আবদুল্লাহ। শেখ মনসুর ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করে কিনেছেন ম্যানচেস্টার সিটি, মালাগাকে কিনতে শেখ আবদুল্লাহর খরচ ৩৮ মিলিয়ন ইউরো! বিপুল অর্থ খরচ করা সিটি দ্বিতীয়বারও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বই টপকাতে ব্যর্থ, সেখানে মালাগার সাফল্যযাত্রা চলছেই।সম্প্রতি ক্লাবে আর্থিক সংকট চলছে। খেলোয়াড়দের বেতন বকেয়া পড়ে আছে বলেও খবর। তবে এত দুঃসংবাদের ভিড়ে চ্যাম্পিয়নস লিগের এতটা পথ হাঁটা সত্যিই অবিশ্বাস্য। বিশেষ করে মালাগা যখন খেলোয়াড় কেনার পেছনেও ঢালেনি দেদার অর্থ। কেনেনি বড় মাপের কোনো তারকা। কোচ পেলেগ্রিনিও বলছেন, ‘অদ্ভুত একটা বছর যাচ্ছে। মাঠের বাইরের এসব ঝামেলার পরও খেলোয়াড়দের পুরোপুরি খেলাতেই মনোযোগ রাখতে হচ্ছে। আমি সব সময়ই বলে এসেছি, কেবল সংখ্যা বাড়ানোর জন্য মালাগা চ্যাম্পিয়নস লিগে আসেনি।’ এএফপি।