মালিই ফুল ফোটালেন শ্রীলঙ্কার
লাসিথ মালিঙ্গা মনোযোগী শ্রোতার মতো শুনেই গেলেন অধিনায়কের কথা। পরম নির্ভরতায় মালিঙ্গার কাঁধে হাত রাখলেন অধিনায়ক। নিজের ফিল্ডিং পজিশনে যাওয়ার আগে চাপড়ে দিলেন পিঠ।মাহেলা জয়াবর্ধনের এই জাদুকরি মন্ত্রে উজ্জীবিত হয়েই দুর্দান্ত এক সুপার ওভার করলেন ‘স্লিংগা মালিঙ্গা’। পরশু নাটকীয় ‘টাই’-এর পর সুপার ওভারে জয়ের কৃতিত্বের বেশিটাই মালিঙ্গাকে দিলেন লঙ্কান অধিনায়ক। ‘ডেথ’ ওভারে মালিঙ্গার চেয়ে ভালো বোলার বিশ্বেই আর নেই বলেও মন্তব্য করলেন। ব্যতিক্রমী বোলিং অ্যাকশন, দুর্দান্ত সব ইয়র্কার কিংবা ব্লক হোলে মাপা বল ফেলতে পারেন বলেই নয়, জয়াবর্ধনের চোখে মালিঙ্গার সবচেয়ে বড় গুণ তাঁর মানসিক শক্তি, প্রচণ্ড চাপেও স্নায়ু শক্ত রাখতে পারা, ‘ওর সেই অভিজ্ঞতা আছে। ভিন্ন পরিস্থিতিতে ও আগেও বোলিং করেছে। শুরু থেকেই ও জানিয়ে দেয় ওর দিনের পরিকল্পনা, কী রকমভাবে ফিল্ডিং সাজাতে চায়। এমন আত্মবিশ্বাসী কোনো বোলার দলে থাকলে অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়।’সুপার ওভারে ব্যাট হাতে কে কখন নামবে, এ সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। কিন্তু এক ওভারের বোলিংটা যে মালিঙ্গাই করবেন, এ ব্যাপারে দ্বিধাহীন ছিলেন জয়াবর্ধনে, ‘অন্য কোনো দিন হয়তো সে অনেক রান দিয়ে দেবে। কিন্তু আপনার মূল বোলারকে সব সময়ই সমর্থন দিয়ে যেতে হবে। এ ধরনের পরিস্থিতিতেও মানসিকভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে এমন কাউকে দলে পাওয়া সত্যিই দারুণ। মানসিকভাবে দৃঢ় থাকাও খুব জরুরি। আমাদের মালি ওই ধরনেরই একজন খেলোয়াড়।’ম্যাচটিতে শ্রীলঙ্কা ‘জয়’ উদ্যাপন করেছে আসলে দুবার। শ্রীলঙ্কার ইনিংস শেষে একবার। যখন রস টেলর নিজেই ম্যাচ শেষ হয়ে গেছে মনে করে আম্পায়ারদের সঙ্গে হাতও মিলিয়ে ফেলেছিলেন! নিউজিল্যান্ড অধিনায়ক ভেবেছিলেন, রানআউটটা তিনি করতে পারেননি। জয়াবর্ধনেও মনে করেছিলেন ম্যাচটা তাঁরাই জিতেছেন, ‘আমরা রসের প্রতিক্রিয়া দেখছিলাম। ওকে রানআউটের ব্যাপারে খুব একটা উজ্জীবিত মনে হচ্ছিল না। আমরা ভেবেছিলাম, আমরা জিতে গেছি। আমি এখনো ফুটেজ দেখিনি। আসলে মাঠে এমন শোরগোল চলছিল। আমরা ভেবেছিলাম আমরা জিতেই গেছি, কিন্তু এর পর আবার সুপার ওভার করতে হয়েছে। আমাদের জন্য তাই আবারও ম্যাচে মনোযোগ ফেরানো, বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলাটা ছিল কঠিন।’ম্যাচটা যে টাই হয়েছে টেলর এটা জেনেছেন ড্রেসিংরুমে ফেরার পর! ‘ফ্রাঙ্কলিন খুব জোরে থ্রো করেছিল। বলটা যে ধরতে পারিনি সেটা জানতাম। তাকিয়ে দেখি বেল পড়ে গেছে। ভাবলাম, হয়তো আমার আঙুল লেগেই পড়েছে। এর পর হাত-টাত মিলিয়ে ড্রেসিংরুমে ফিরলাম। সিঁড়ির মুখেই কোচ দেখি চিৎকার করছে, “এটা আউট, এটা আউট”।’সুপার ওভারে ম্যাচ হারাটা হতাশার। নিউজিল্যান্ডের জন্য কাজটা আরও কঠিন হয়ে গেল, সেমিফাইনালে যেতে চাইলে সম্ভবত বাকি দুটি ম্যাচেই জিততে হবে তাদের। ওয়েবসাইট।