মালিক-সানিয়ায় সরগরম রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবারের রান ঝলমলে আইপিএলের ম্যাচও নয়, ভারতীয় ক্রিকেটে আগ্রহের কেন্দ্রে থাকল মালিক-সানিয়ার বিয়ে। এদিন সাতসকালে আকস্মিকভাবে হায়দরাবাদের জুবিলি হিলে মির্জা পরিবারে হবু জামাইয়ের আগমন। এমনকি এই ‘ইস্যু’তে খানিকটা হলেও সরগরম ভারতীয় রাজনীতি। কট্টর শিবসেনা আগে থেকেই সানিয়ার কড়া সমালোচনা করে আসছে। কুশপুত্তলিকা পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে। বিধানসভায় প্রশ্ন তুলেছেন এক সাংসদ। এবার ক্ষমতাসীন কংগ্রেসও মুখ খুলল। তাদের বক্তব্য, কারও বিয়ে নিয়ে কোনো রাজনৈতিক দলের মন্তব্য শিষ্টাচারের মধ্যে পড়ে না।শিবসেনা প্রধান বাল ঠাকরে এমন স্পর্শকাতর মন্তব্য করেছিলেন, ‘এর পর থেকে সানিয়া একজন ভারতীয় হিসেবে বিবেচিত হবেন না। তাঁর হূদয়টা যদি ভারতীয় হতো, তাহলে সেটি কখনোই একজন পাকিস্তানির জন্য স্পন্দিত হতো না।’ এমন মন্তব্যের পাল্টা জবাব এল কংগ্রেসের তরফ থেকে। দলের মুখপাত্র অভিষেক সিঙ্গভি যেমন বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবেই মনে করি, কারও বিয়ে করতে চাওয়া বা না-চাওয়া নিয়ে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেসের তো কোনো মন্তব্য করার প্রশ্নই ওঠে না।’ স্রেফ প্রচার নেওয়ার জন্য বরাবরই শিবসেনা এমন উল্টোপাল্টা কাণ্ড করে বলেও ব্যঙ্গ করেছেন তিনি। ‘এরা এমন একটা রাজনৈতিক দল, যাদের জনসমর্থনই নেই। মনোযোগ আকর্ষণের জন্য এরা লালায়িত। এরা পরনির্ভরশীল ক্ষুদ্র দল। এরা ভারতের প্রতিনিধিত্ব করে না।’বাল ঠাকরের মন্তব্যকে ‘ছেলেমানুষি’ বলে পরিহাস করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এস জয়পাল রেড্ডি, ‘ভারতের সঙ্গে পাকিস্তান সরকারের ভীষণ ঝামেলা আছে। কিন্তু তাই বলে দুই দেশের মানুষের মধ্যে সুসম্পর্ক থাকবে না এর কোনো মানে হয় না। প্রতিটি বিষয়কে সাম্প্রদায়িক রূপ দেওয়ার যে চরিত্র বাল ঠাকরের, এমন মন্তব্যের পর সেটি আরও একবার প্রমাণিত হলো।’ওদিকে কংগ্রেসসহ উদারপন্থী রাজনৈতিক দলগুলো সানিয়ার সঙ্গে মালিকের বিয়েকে শুভেচ্ছা জানাচ্ছেন যখন, তখন শিবসেনা বোধহয় একটু কোণঠাসা। কারণ পরদিনই আগের অবস্থান থেকে উল্টো পথে হাঁটা দিতে দেখা যাচ্ছে তাদের। শিবসেনার কার্যনির্বাহী সভাপতি উদ্ধব ঠাকরে বলছেন, ‘একজন পাকিস্তানিকে যে সানিয়া মির্জা বিয়ে করতে যাচ্ছেন তাতে আমাদের কোনো আপত্তি তোলার প্রশ্নই আসে না।’রাজনীতির ময়দানে এমন পাল্টাপাল্টি তোপ দাগানোর পাশাপাশি সুর নরমও হচ্ছে, ওদিকে মালিকের পরিবারের পক্ষ থেকেও নাকি চেষ্টা চলছে আয়েশার পরিবারের সঙ্গে একটা মধ্যস্থতা করার। সিদ্দিকি পরিবার অবশ্য এখনো ‘প্রকাশ্য তালাকের’ অবস্থানেই অটল। মালিকের জন্য সুখবর হলো, ফোনে বিয়ের বৈধতা নিয়ে একাধিক ইসলামি পণ্ডিত প্রশ্ন তুলেছেন। সে ক্ষেত্রে ফোনে বিয়ে হয়ে থাকলেও তালাক না দিলেও চলবে মালিকের। আয়েশার পরিবারের পক্ষ থেকে যে কাবিননামা দেখানো হচ্ছে, সেটিরও আইনগত ভিত্তি খুবই দুর্বল বলে ভারতীয় একটি পত্রিকাকে জানিয়েছেন এক আইনজীবী।আয়েশাকে কেন্দ্র করে জট পাকিয়ে ওঠা পরিস্থিতি সামাল দিতেই যে ‘জরুরি সফরে’ ভারতে এসেছিলেন মালিক, সেটিকে অনেকটাই সফল বলা যায়। পাকিস্তানি অলরাউন্ডারের পরিবারের পক্ষ থেকে বিয়েটা হায়দরাবাদ থেকে সরিয়ে দুবাইয়ে নিয়ে যাওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, মির্জা পরিবার সবিনয়ে সেটি নাকচ করেছে। আসলে এখন তার তেমন কোনো প্রয়োজনও নেই। শিবসেনারা পিছু হটার পর এখন সিদ্দিকি পরিবারের সঙ্গে সমঝোতা করা গেলে সব সমস্যার সমাধান হয়।এরই মধ্যে আয়েশা প্রশ্ন তুলেছেন, তাঁর কী হবে? পাকিস্তানের জিয়ো টিভিকে বেশ জোরালো কণ্ঠেই তিনি বলেছেন, ‘আপনি জানতে চাইছেন তো আমি আর মালিক একসঙ্গে ছিলাম কি না। হ্যাঁ, আমরা ছিলাম। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক, আমরা যে একসঙ্গে ছিলাম, এখন সেটিও আমাকে প্রমাণ করতে হচ্ছে। সেই প্রমাণ আমার কাছে আছে।’ মালিকের বাবা বেঁচে থাকলে আজ এই পরিস্থিতিতে তাঁকে পড়তে হতো না বলেও মন্তব্য করেছেন আয়েশা, ‘বাবা মারা যাওয়ার পর থেকেই শোয়েব পাল্টে গেল। ও আমার চেহারা আর ওজন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল।’ ওয়েবসাইট।