মালিককে বাদ দেওয়ার বিরোধী ছিলেন ওয়াকার
পারফরমেন্স খারাপ হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে শোয়েব মালিককে জায়গা দেননি নির্বাচকেরা। তবে মালিককে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস।একটি বিশ্বস্ত সূত্র পিটিআইকে জানিয়েছে, দল ঘোষণার আগে শোয়েব মালিক ও উমর আমিনকে বাদ দেওয়ার বিরোধিতা করেন ওয়াকার ইউনুস। কিন্তু বোলিং কোচের বিরোধিতা আমলে নেননি পাকিস্তানের নির্বাচক কমিটির সভাপতি মহসিন খান ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।সূত্র জানায়, ওয়াকার যুক্তি দেখিয়েছিলেন—ওয়ানডে সিরিজে মালিকের অভিজ্ঞতা কাজে লাগবে পাকিস্তানের। এ ব্যাটসম্যান শিগগির ফর্মে ফিরবে বলে আশাবাদের কথা জানিয়েছিলেন ওয়াকার। অন্যদিকে আফ্রিদি যুক্তি দেখান—২০১১ সালের বিশ্বকাপের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সময় এসেছে।শোয়েব মালিকের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক নির্বাচক মোদাচ্ছার নজরও। সাবেক এ অধিনায়ককে দলের বাইরে পাঠানোর সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘শোয়েব মালিককে বাদ দেওয়ার সিদ্ধান্তটি অবাক করার মতো। তাঁর সঙ্গে অবিচার করা হয়েছে। ওয়ানডে ক্রিকেটে মালিক অসাধারণ। তাঁকে দলে রাখা উচিত ছিল।’অনেক দিন পর দলে ফিরেছিলেন শোয়েব মালিক। কিন্তু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেননি। তিন টেস্টে ছয় ইনিংস খেলে তুলতে পেরেছিলেন মাত্র ৮৯ রান। দুর্বল পারফরমেন্সের কারণে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামার সুযোগ পাননি। সর্বশেষ মালিক বাদ পড়লেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও।