মালিকের অভিযোগ, তামিমের বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল
তামিম ইকবাল

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে কাল তিনি আশ্বাস দিচ্ছিলেন ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কোনো ঝামেলা হবে না। কিন্তু এই মুশফিকুর রহমান তো আবার বিপিএলের দল দুরন্ত রাজশাহীর কর্ণধারও! আর পারিশ্রমিক নিয়ে বিপিএল দলগুলোর টালবাহানা তো দুই বছর ধরেই ক্রিকেট-বিশ্বে বাংলাদেশের আন্তর্জাতিক লজ্জা। মুশফিকুর রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাই পাল্টা প্রশ্ন উঠল, ‘এই আশ্বাসে বিশ্বাস রাখা যায় কতটুকু?’
উপলক্ষটা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় পরিচিতি। ক্লাব প্রাঙ্গণের অনুষ্ঠানে প্রশ্নটা শুনে খানিকটা যেন উত্তেজিত হয়ে উঠলেন মুশফিকুর রহমান। পারিশ্রমিক নিয়ে তাঁর ফ্র্যাঞ্চাইজি ঝামেলা করেনি দাবি করে আচমকাই টেনে আনলেন তামিম ইকবালকে, ‘আমি শুধু নিষেধাজ্ঞা দিয়ে রেখেছি তামিম ইকবালের পেমেন্টের ব্যাপারে। বোর্ডের অনুমতি সাপেক্ষে তামিম পরের ম্যাচগুলো খেলেনি। পাশাপাশি তামিম হচ্ছে সেই খেলোয়াড় যে খেলা চলাকালে দেশের বাইরে চলে গিয়েছিল দলের অনুমতি না নিয়ে। আপনারাই বলুন, তাকে পারিশ্রমিক দেব কি দেব না?’
গত বিপিএলে অসংখ্যবার হাতবদল হওয়া দুরন্ত রাজশাহীর নেতৃত্বের প্রথম ব্যাটন ছিল তামিমের হাতে। অধিনায়ক ছিলেন প্রথম দুই ম্যাচে। পরে সরে দাঁড়ান। প্রাথমিক পর্বে রাজশাহীর ১২ ম্যাচের ১০টিতেই খেলেছিলেন তামিম, কবজির চোটের কারণে খেলতে পারেননি শেষ দুই ম্যাচে। ফ্র্যাঞ্চাইজি মালিকের আচমকা অভিযোগে আকাশ থেকে পড়লেন তামিম, ‘হুট করে তিনি এমন কেন বললেন বুঝতে পারছি না। এখন পর্যন্ত ৫০ শতাংশ টাকা পেয়েছি আমি। ইনজুরির কারণে শেষ দুই ম্যাচ খেলিনি, ওই দুই ম্যাচের টাকা তো পাবই না ধরে নিয়েছি। আমি তো টাকা দাবি করিনি!’
না বলে বিদেশ যাওয়ার অভিযোগটাও মানতে পারছেন না তামিম, ‘অ্যাপেলো হাসপাতালে এমআরআই করানোর পর যখনই চিড় ধরা পড়ল, সঙ্গে সঙ্গে আমি মুশফিকুর সাহেবকে ও বোর্ড প্রেসিডেন্টকে ফোন করে জানিয়েছি বিপিএলে আর খেলতে পারব না। কোচ পাইলট ভাইকেও (খালেদ মাসুদ) জানিয়েছি। পরে মাঠে গিয়েও ওনার (মুশফিকুর) সঙ্গে দেখা হয়েছে আমার, কথা হয়েছে। এরপর আমি চট্টগ্রাম চলে যাই। বিদেশ গিয়েছি আরও চার-পাঁচ দিন পরে। বোর্ড প্রধানকে জিজ্ঞাসা করলেই সত্যতা মিলবে। বিসিবির মেডিকেল স্টাফের কাছেও তারিখসহ বিস্তারিত সব তথ্য আছে। ওই চোটের কারণে পরে শ্রীলঙ্কায় প্রথম টেস্টও খেলতে পারিনি। উনি এমন একটা অভিযোগ কীভাবে করছেন, বুঝতে পারছি না।’