মালিকের নিষেধাজ্ঞা তুলে নিতে পারে পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম মালিক চাইছেন মুক্তি
সেলিম মালিক চাইছেন মুক্তি

ম্যাচ পাতানোর দায়ে আজীবন বহিষ্কৃত হয়েছিলেন সেলিম মালিক। পাকিস্তানের সাবেক অধিনায়ক এত দিন অনেকটা নীরবে-নিভৃতে থাকলেও এখন সরব নিজের বহিষ্কারাদেশ তুলে নেওয়ার লক্ষ্যে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নজম শেঠির সঙ্গে দেখা করে তিনি সেই আবেদনও জানিয়েছেন। বোর্ড বলছে, মালিকের বহিষ্কারাদেশ নিয়ে নতুন করে ভেবে দেখবেন তাঁরা।

আশির দশকের শেষ দিকে সেলিম মালিকের আবির্ভাব একজন প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবেই। নব্বইয়ের দশকে পাকিস্তান ক্রিকেটের অন্যতম নির্ভরতার প্রতীক ছিলেন তিনি। ১৯৯৪ সালে পাকিস্তানের অধিনায়কের দায়িত্বও পান।

২০০০ সালে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে ভারতের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও দক্ষিণ আফ্রিকার হানসি ক্রনিয়ের সঙ্গে মালিককেও আজীবনের জন্য ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়। তিনি অবশ্য সব সময়ই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

২০০১ সালে মালিক লাহোর হাইকোর্টে বহিষ্কারাদেশের বিপক্ষে একটি আপিল করেছিলেন। হাইকোর্ট অবশ্য সেই আপিল খারিজ করে দেন।

পরে মালিক সুপ্রিম কোর্টে আবেদন জানালে তাঁরা এই আপিলটি গ্রহণ করেন। সাত বছর পর সুপ্রিম কোর্ট মালিকের নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ ঘোষণা করে রায় দেন। সেই রায়ের ওপর ভিত্তি করেই মালিক তাঁর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে বিভিন্ন সময় আবেদন জানিয়েছেন। নজম শেঠি বোর্ডপ্রধান হওয়ার পর তিনি আবার নতুন করে এই আবেদনটি জানালেন। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতেই পিসিবি মালিকের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখছে বলেই জানিয়েছেন শেঠি।

পাকিস্তানের হয়ে ১০৩টি টেস্ট ও ২৮৩টি ওয়ানডে খেলা সেলিম মালিক এখন চান মুক্তি, ‘নিষেধাজ্ঞা আমার জীবন দুর্বিষহ করে ফেলেছে। এতদিন ধরে এর বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছি। আমি এবার মুক্তি চাই।’

বর্তমান বোর্ডের কাছে মালিকের চাওয়া সুবিচার, ‘আমি চাই আমার ব্যাপারটি বোর্ড নতুন করে গুরুত্বের সঙ্গে ভেবে দেখুক। এরপর তারা আমাকে যেই সিদ্ধান্ত দেবেন, আমি মাথা পেতে নেব। তবে আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’ এত দিন পর নিষেধাজ্ঞা তুলে নিলেও ৫১ বছর বয়সী মালিকের পক্ষে আর ক্রিকেটে ফেরা সম্ভব নয়। তবে অন্য দায়িত্বেও তিনি ভূমিকা রাখতে পারেন। মালিক বলেছেন, নিজের অভিজ্ঞতা পাকিস্তান ক্রিকেটের কল্যাণে ব্যবহার করতে চান, ‘আমি পাকিস্তান ক্রিকেটের জন্য কাজ করতে চাই। আমি আমার অভিজ্ঞতা পাকিস্তান ক্রিকেটের স্বার্থে কাজে লাগাতে চাই।’

২০১২ সালে মালিক পাকিস্তান ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচের পদে আবেদন জানিয়েও প্রত্যাখ্যাত হন। সম্প্রতি তিনি সাবেক পাকিস্তানি ক্রিকেটার এহতেশামউদ্দিনের জন্য একটি বেনিফিট ম্যাচ আয়োজনের অনুমতি চেয়েছিলেন। কিন্তু পিসিবি সেই অনুমতিও তাঁকে দেয়নি। রয়টার্স।