মালিকের মুক্তি, অনেক প্রশ্ন
পাকিস্তানের ক্রিকেটে কিছু একটা ঘটবে আর সাবেক ক্রিকেটাররা চুপ থাকবেন, তা তো হয় না! শোয়েব মালিকের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে ঠিকই মুখে খুলেছেন সাবেক ক্রিকেটাররা। যথারীতি বক্তাদের তালিকায় আছেন সরফরাজ নেওয়াজ। তাঁর সঙ্গে আছেন আমির সোহেল, ইকবাল কাশিম, আবদুল কাদিরও।ওদিকে মালিকের নিষেধাজ্ঞা তুলে নিলেও তাঁর ব্যাপারে বোর্ড কিছু না করায় চটেছেন আরেক নিষিদ্ধ ক্রিকেটার রানা নাভেদ-উল হাসান।দলের মধ্যে অন্তঃকলহ সৃষ্টির অভিযোগে শোয়েব মালিককে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। দুই মাস যেতে না-যেতেই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।সরফরাজ নেওয়াজ সোজা বলে দিয়েছেন, রাজনৈতিক চাপ সামলাতে না পেরে পিসিবির এই নতজানু পদক্ষেপ, ‘পিসিবি ভীতুদের মতো পদক্ষেপ নিল। সিদ্ধান্তটা অবশ্যই রাজনৈতিক চাপের মুখে নেওয়া হয়েছে। এবং এটি পাকিস্তানের ক্রিকেটের অনেক ক্ষতি করবে।’সিদ্ধান্তটা যে বাইরের চাপে নেওয়া হয়েছে, তা নিয়ে সন্দেহ নেই সাবেক অধিনায়ক আমির সোহেল ও লেগ স্পিনার আবদুল কাদিরের। তবে সোহেল মনে করেন, ক্রিকেটারদের শাস্তি দেওয়াই ছিল অযৌক্তিক। কাদিরও বলেছেন, কঠিন সিদ্ধান্ত যখন নেওয়াই হলো পিসিবির তাতে অটল থাকাই উচিত ছিল, ‘এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে পিসিবি বাইরের চাপের কাছে মাথা নুইয়ে ফেলল। পরিণাম যা-ই হোক, এত শক্ত সিদ্ধান্ত যখন তারা নিয়েছে, সেটাতেই স্থির থাকা উচিত ছিল। এখন এই সিদ্ধান্তের ফলে খেলোয়াড়েরা শৃঙ্খলা ভাঙতে আরও উৎসাহ পাবে। যা-ই হোক, এখন পিসিবির উচিত বাকি সব খেলোয়াড়কেও দায়মুক্ত করে দেওয়া।’এই যুক্তি তুলে ধরেই হতাশা ব্যক্ত করেছেন রানা নাভেদ, ‘আমি আশাবাদীই হওয়ার চেষ্টা করছি। তার পরও তারা যে শুধু মালিকের নিষেধাজ্ঞা তুলে নিল, অন্যদের ব্যাপারে কিছুই করল না, এতে অবশ্যই হতাশ লাগছে।’তা নাভেদের হতাশ লাগারই কথা। কিন্তু নাভেদের হতাশায় মালিকের উচ্ছ্বাস তো চাপা থাকবে না। কদিন আগে অনেক ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে বিয়ে করেছেন সানিয়া মির্জাকে। সুসময়টা আসতে শুরু করেছে। এবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ধন্যবাদ দিচ্ছেন সৃষ্টিকর্তাকে, ‘আল্লাহর রহমতে আমার অবস্থানটা সত্যি প্রমাণিত হয়েছে। আমার বিরুদ্ধে ভিত্তিহীন সব অভিযোগ ধুয়েমুছে গেছে।’ এএফপি, ওয়েবসাইট।