মালিঙ্গা-আফ্রিদির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাসিথ মালিঙ্গা, শহীদ আফ্রিদি
লাসিথ মালিঙ্গা, শহীদ আফ্রিদি

প্রতিটি বলকেই উড়িয়ে মাঠের বাইরের রাস্তায় ফেলতে চান ব্যাটসম্যান। নিজের আওতার মধ্যে বল পেলে তো আর রক্ষা নেই। এমনকি অনেক মিস হিটও অনায়াসে আশ্রয় নেয় গ্যালারিতে। সেই ব্যাটসম্যানের দিকে ছুটে আসছে পায়ের অগ্রভাগ তাক করা একের পর এক ইয়র্কার। মাঝেমধ্যে দুর্বোধ্য কিছু স্লোয়ার। হুট করেই আবার দু-একটি নাক সোজা বাউন্সার। এই ব্যাটসম্যান-বোলারের মুখোমুখি লড়াইয়ের
চেয়ে রোমাঞ্চকর কিছু কি আর হতে পারে!
ক্রিকেটের অনুসারী মাত্রই চরিত্র দুটিকে চিনে ফেলার কথা। শহীদ আফ্রিদি আর লাসিথ মালিঙ্গার রোমাঞ্চকর বাউটের মঞ্চ হতে পারে আজ শেরেবাংলা। ‘হতে পারে’, ‘হবেই’ বলা যাচ্ছে না দুটি কারণে। প্রথমত, চোটের কারণে আফ্রিদির আজ খেলাই অনিশ্চিত। ফাইনাল বলেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে মাঠে নামানোর জন্য। দ্বিতীয়ত, আফ্রিদি খেললেও দুজনের মুখোমুখি লড়াই না-ও হতে পারে। কিন্তু যদি দেখা হয় দুজনের, সেটি হতে পারে আজকের ম্যাচের সবচেয়ে উপভোগ্য অংশ। পাকিস্তান গত দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখলে, ওই লড়াইয়ের জয়-পরাজয়ই ঠিক করে দেবে ম্যাচের ফল।
অথচ দিন দশেক আগে যখন দুজন মুখোমুখি হলেন, ছিল না এমন যুদ্ধের দামামা। তখন কেই-বা ভাবতে পেরেছিল, ফাইনালের আগে আলোচিত চরিত্র থাকবেন এই দুজন! ২৫ ফেব্রুয়ারি ফতুল্লায় যে আফ্রিদিকে আউট করেছিলেন মালিঙ্গা, এটুকুই বা কজন মনে রেখেছে! আফ্রিদির ব্যাট তো ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে অধারাবাহিক। তবে মাঝেমধ্যে যে দু-একটি ম্যাচ জেতানো ইনিংস খেলতেন, গত কিছুদিনে মনে হচ্ছিল সেটাও শেষ হয়ে গেছে। মনে হচ্ছিল যেন বয়সের ছাপ পড়তে শুরু করেছে রিফ্লেক্সে। মালিঙ্গাও এশিয়া কাপের আগে কিছুদিন ছিলেন নিজের ছায়া হয়ে। উইকেটের প্রবাহে ভাটার টানই শুধু নয়, ইনিংসের শেষ দিকের সেই ধারও যেন কমে গিয়েছিল। যাঁর বলে রান নেওয়া ছিল সবচেয়ে কঠিন, তাঁকেই সবাই খেলছিল অনায়াসে।
তবে গত কয়েক দিনে বদলে গেছে দৃশ্যপট। ২৫ ফেব্রুয়ারি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও প্রথম ৭ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মালিঙ্গা। কিন্তু ইয়র্কারের স্রোতে পাকিস্তান ব্যাটিংকে ভাসিয়ে শেষ ৩ ওভারে নিয়েছিলেন ৫ উইকেট! আফ্রিদি তখনো ঘুমিয়ে। ওই ম্যাচে করেছিলেন ৪, পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬। ঝড়ের তো একটা পূর্বাভাস থাকে, আফ্রিদির এবারের ঝড়ের কোনো আভাস ছিল না। ভারতের বিপক্ষে শেষ ওভারটার আগেও ভাবা যায়নি, আবার ব্যাট হাতে ম্যাচ জয়ের নায়ক হতে পারেন আফ্রিদি। সেদিন শেষ ওভারে দুই ছক্কা আর ১৮ বলে অপরাজিত ৩৪ করে স্তব্ধ করে দিলেন ভারতীয়দের। পরের ম্যাচে বাংলাদেশের হূদয় বিদীর্ণ হলো তাঁর ৭ ছক্কায় ২৫ বলে ৫৯ রানে। আজ ফাইনালে দুই দলেরই শেষ ভরসা এই দুজন।
গত ম্যাচেই আফ্রিদিকে ফিরিয়েছেন, ওয়ানডেতে আগেও আফ্রিদিকে আউট করেছেন আরও চারবার। চাইলে মালিঙ্গা আরও টিপস নিতে পারেন তাঁর বোলিং কোচের কাছ থেকে। ওয়ানডেতে আফ্রিদিকে সবচেয়ে বেশিবার (৮) আউট করেছেন তো চামিন্ডা ভাস! সবচেয়ে বেশিবার আউট করা ৫ বোলারের মধ্যে আছেন আরও দুই লঙ্কান—সঞ্জীবা ডি সিলভা (৭) ও মুত্তিয়া মুরালিধরন (৬)। শ্রীলঙ্কার বিপক্ষেও আবার আফ্রিদির আছে স্মরণীয় কিছু ইনিংস। দ্রুততম সেঞ্চুরির সেই রেকর্ড গড়া সেঞ্চুরি ছাড়াও ২০১০ এশিয়া কাপে খেলেছিলেন ৭৬ বলে ১০৯ রানের ইনিংস। ২০১১ সালের নভেম্বরেও আছে ৬৫ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস।
মালিঙ্গা নিশানা খুঁজে পেলে আফ্রিদির কাজটা কিন্তু হবে খুব কঠিন। ইয়র্কার, স্লোয়ার আর স্লোয়ার বাউন্সারের বৈচিত্র্যে যেকোনো ব্যাটসম্যানের দুঃস্বপ্ন হতে পারেন মালিঙ্গা। আফ্রিদি আবার ছন্দ পেলে লাইন-লেংথ ভুলিয়ে দিতে পারেন মালিঙ্গার মতো বোলারকেও। শেষ পর্যন্ত যদি না খেলেন আফ্রিদি, ম্যাচের আগেই অনেকটা রং হারাবে ফাইনাল।

পাকিস্তান-শ্রীলঙ্কা
পরিসংখ্যানের আলোয়
ম্যাচ পাকিস্তান শ্রীলঙ্কা টাই/পরি.
মোট ১৩৮ ৮০ ৫৩ ১/৪
এশিয়া কাপের ফাইনালে ২ ১ ১ ০/০
দলীয় সর্বোচ্চ
পাকিস্তান
৩৭১/৯, নাইরোবি, ১৯৯৬
শ্রীলঙ্কা
৩৪৯/৯, সিঙ্গাপুর, ১৯৯৬
দলীয় সর্বনিম্ন
পাকিস্তান
৭৫, লাহোর, ২০০৯
শ্রীলঙ্কা
৭৮, শারজা, ২০০২
সবচেয়ে বেশি রান
পাকিস্তান
২২৬৫, ইনজামাম-উল হক
শ্র্রীলঙ্কা
২৫১৭, সনাৎ জয়াসুরিয়া
সবচেয়ে বেশি উইকেট
পাকিস্তান
৯২, ওয়াসিম আকরাম
শ্রীলঙ্কা
৯৬, মুত্তিয়া মুরালিধরন
সর্বোচ্চ ইনিংস
পাকিস্তান
১৪০*, মোহাম্মদ হাফিজ, শারজা, ২০১৩
শ্রীলঙ্কা
১৩৭*, তিলকরত্নে দিলশান, লাহোর, ২০০৯
সেরা বোলিং
পাকিস্তান
৬/২৬, ওয়াকার ইউনিস, শারজা, ১৯৯০
শ্রীলঙ্কা
৬/৪৪, থিসারা পেরেরা, পাল্লেকেলে, ২০১২