মালিঙ্গা-আয়নায় ওয়াকারের অতীত
অ্যাকশন অনন্য। তবে ওয়াকার ইউনুসের সঙ্গে কিছুটা মিল খুঁজে পান অনেকে, বিশেষ করে ‘ডেলিভারি স্ট্রাইডে।’ হয়তো ওয়াকারের মতো লাসিথ মালিঙ্গার অ্যাকশনও ‘রাউন্ড আর্ম’ বলে। ইদানীং অবশ্য মালিঙ্গার পুরোনো বলে দক্ষতা আর বিষাক্ত ইনসুইঙ্গিং ইয়র্কারও অনেককে মনে করিয়ে দিচ্ছে ওয়াকারের কথা। পরশু কেনিয়াকে কচুকাটা করার পর মালিঙ্গা নিজেই জানিয়েছেন, ওয়াকার-ওয়াসিমের ভিডিও দেখেও কিছু শিখেছেন।শুনে ওয়াকার হাসলেন। সত্যিকারের গ্রেটের মতোই কৃতিত্ব নিজে নিতে চাইলেন না। বরং মালিঙ্গার কথা শুনে যাঁরা ওয়াসিম-ওয়াকারের ভিডিও চালিয়ে বসে আছেন, তাঁদের মনে করিয়ে দিলেন কাজটা ‘জলবৎ তরলং’ নয়, ‘সবাই জানে এটা কীভাবে করতে হয়, কী কী করতে হয়, কিন্তু খুব বেশি লোকে করতে পারে না। আমার ও ওয়াসিমের ভিডিও দেখে শিখতে পারে, তবে ওর অ্যাকশনটাই এমন যে রিভার্স সুইংয়ের জন্য একদম মানিয়ে গেছে। ‘‘স্লিঙ্গি’’ অ্যাকশনের কারণে ওর ইয়র্কার এত কার্যকর। বল শেষ মুহূর্তে খানিকটা বাতাসে খানিকটা বাঁক নেয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদা বল যখন বাদামি হয়ে যায়, স্লিঙ্গি অ্যাকশনের কারণে কৃত্রিম আলোয় বল বোঝা খুব মুশকিল হয়ে দাঁড়ায়।’মালিঙ্গার ইনসুইঙ্গিং ইয়র্কারের ব্যাখ্যা এর চেয়ে ভালো আর কে দিতে পারতেন! তো এই মালিঙ্গাকে দেখে পাকিস্তান কোচের নিশ্চয়ই মনে পড়ে যায় নিজের খেলোয়াড়ি দিনগুলোর কথা? গাম্ভীর্যের আড়াল থেকে বেরিয়ে ক্ষণিকের জন্য বেরিয়ে এল রসিক ওয়াকার, ‘কেনিয়া হয়তো খুব শক্তিশালী নয়, কিন্তু ওর কৃতিত্ব এতে কমছে না। সবগুলো ইয়র্কারই ছিল নিখুঁত। খুব ভালো লেগেছে, নিজের খেলোয়াড়ি দিনগুলোর কথা মনে পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের বিপক্ষে এমন কিছু করছে, এটা উপভোগ্যই।’উপমহাদেশের বিশ্বকাপে স্পিন-রাজত্ব দেখার জন্য প্রস্তুত ছিল প্রায় সবাই। এক অস্ট্রেলিয়া ছাড়া সব দলেই এক গাদা স্পিনার। অথচ টানা দুই ম্যাচে ৪ উইকেট করে নিলেন মিচেল জনসন, টানা দুই দিন হ্যাটট্রিকসহ ৬ উইকেট কেমার রোচ-মালিঙ্গার। ওয়াকার কিন্তু মোটেও বিস্মিত নন, ‘শুধু এই বিশ্বকাপেই নয়, যেকোনো ক্রিকেটেই স্পিনারদের চেয়ে ফাস্ট বোলারদের ভূমিকা অনেক বেশি। সবাই বলাবলি করছে, উপমহাদেশের উইকেটে আরও স্পিনার চাই, কিন্তু আদতে ৫০ ওভারের ৩০ ওভার তো ফাস্ট বোলাররাই করছে। ফাস্ট বোলাররা অবশ্যই স্পিনারদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ওয়াকারের সঙ্গে দ্বিমত করার লোক এ মুহূর্তে অন্তত খুব বেশি পাওয়া যাবে না!