মালিঙ্গা-ঝড়ে ছত্রখান পাকিস্তান

কুমার সাঙ্গাকারার চোখে-মুখে রাজ্যের বিস্ময়। হতাশায় মাটির দিকে তাকিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস। বিশ্বাসই করতে পারছিলেন না বোলার সুরাঙ্গা লাকমল। আক্ষেপের হাসি দিনেশ চান্ডিমালের মুখে। একটা শব্দ শোনা গেছে স্পষ্ট, কিন্তু গম্ভীর মুখে মাথা দুদিকে নাড়াচ্ছেন আম্পায়ার ইয়োহান ক্লোয়েটে। নির্বিকার মিসবাহ ব্যাট খুঁটছিলেন উইকেটে। কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ার পর লঙ্কানদের শরীরী ভাষা বলছিল, ম্যাচটা বুঝি ওখানেই ছুটে গেল! ঘণ্টা খানেক পর সেই লঙ্কানদের মুখেই বিজয়ের হাসি। সেই হাসিটাও উপহার দিয়েছেন মিসবাহই!
বেশ কয়েক বছর ধরেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন। এই ধারাবাহিক মিসবাহর আবার দুটি সত্তা আছে। একটি ডুবন্ত তরিকে টানতে টানতে তীরে ভেড়ায়, আরেকটি ডুবন্ত তরিকে টেনে তুলে আবার তীরে এসে ডুবিয়ে দেয়। লঙ্কানদের স্বস্তি হয়ে কাল দেখা দিল মিসবাহর দ্বিতীয় সত্তা। আর ম্যাথুসের মুখে হাসি ফুটিয়ে পুরোনো বলে জাদু নিয়ে হাজির হলেন লাসিথ মালিঙ্গা। দুয়ের যোগফলে শ্রীলঙ্কার শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু হলো চ্যাম্পিয়নদের ১২ রানে হারিয়ে।
শ্রীলঙ্কা আর জয়ের মাঝখানে যখন দাঁড়িয়ে শুধুই মিসবাহ, তখনই মালিঙ্গাকে তুলে মারতে গিয়ে ধরা পড়লেন মিড উইকেট সীমানায়। আনুষ্ঠানিক যবনিকা আরও পড়ে হলেও ম্যাচ আদতে তখনই শেষ। আজমল-ভাট্টি পরে ক্ষণিকের উত্তেজনা ছড়িয়েছিলেন বটে, তাতে যেন নিজের শিকারসংখ্যা বাড়ানোর প্রেরণাই খুঁজে পেলেন মালিঙ্গা। গত কিছুদিন অনেকটাই বিবর্ণ শ্রীলঙ্কার ‘ডেথ ওভার’ বিশেষজ্ঞ কাল আবার ম্যাচজয়ী চেহারায়। এদিনও প্রথম দুই স্পেলে ৭ ওভারে ৪১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেই মালিঙ্গার শেষ স্পেল ২.৫-০-১১-৫! মিসবাহর ৭৩, উমর আকমলের ৭৪ বা পঞ্চম উইকেটে দুজনের ১২১ রানের জুটি তখন কেবলই পাকিস্তানের জন্য আক্ষেপ জাগানো কিছু সংখ্যা।
শ্রীলঙ্কার শেষের নায়ক অনেক লড়াইয়ের অভিজ্ঞ যোদ্ধা। তবে বড় একটা চমক হয়ে এসেছে শুরুর নায়ক। লাহিরু থিরিমান্নের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, বিস্ময় নেই সেঞ্চুরি নিয়েও। বিস্ময়টা হলো, যে ভূমিকায় সেঞ্চুরিটি উপহার দিলেন। ব্যাট হাতে ইনিংস শুরু করবেন, এটাই তো ছিল অপ্রত্যাশিত! ওপেনারের ভূমিকায় দারুণ সফল মাহেলা জয়াবর্ধনে, কিন্তু মিডল অর্ডারে অভিজ্ঞতার ঘাটতি দেখেই হয়তো কুশল পেরেরার সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হলো থিরিমান্নেকে। দারুণ এক সেঞ্চুরিতে সিদ্ধান্তটিকে দূরদর্শী বলে প্রমাণ করলেন বাঁহাতি ব্যাটসম্যান। আর সাঙ্গাকারা তো এমন ফর্মে আছেন যে ব্যাট করতে নামলেই রান। দুজনের ১৬১ রানের জুটিই লঙ্কান ইনিংসের মেরুদণ্ড।
এই জুটিটাকে বলা যায় লঙ্কান ক্রিকেটের বর্তমান আর ভবিষ্যতের সেতুবন্ধও। জাতীয় দলে ঢোকার আগে থেকেই থিরিমান্নেকে বলা হচ্ছে ‘নতুন সাঙ্গাকারা’। সাঙ্গাকারা-জয়াবর্ধনে উত্তর যুগে লঙ্কান ব্যাটিংয়ের মূল ভরসাও ভাবা হচ্ছে তাঁকে। কেন, সেটা চোট নিয়ে কয়েক মাসের জন্য ছিটকে যাওয়ার আগে অনেকবার দেখিয়েছেন থিরিমান্নে, দেখালেন কালও। সাঙ্গাকারার মতোই দারুণ পরিণত ব্যাটিং করেছেন, স্ট্রোকের দ্যুতিতে কখনো কখনো ছাড়িয়ে গেছেন যেন সাঙ্গাকারাকেও। দুজন অবশ্য পরস্পরের সঙ্গও খুব উপভোগ করেন। কালকের আগে সর্বশেষ দুবারই দুজনের জুটি দেখেছে শতরান। কাল ‘দুই সাঙ্গাকারার’ জুটিতে শতরানের হ্যাটট্রিক হলো।
উমর গুলের বলে বাজে এক শটে সাঙ্গাকারার বিদায়ে যখন ভাঙল জুটি, শ্রীলঙ্কার চোখে তখনো ৩২০-৩৩০ রান। ব্যাটিং পাওয়ার প্লের সূচনায় রান ছিল ২ উইকেটে ২০৩। দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির পরপর থিরিমান্নের বিদায়ে ছন্দপতন। শেষ ১০ ওভারে মাত্র ৬৪। পরে মিসবাহ-আকমলের জুটির সময় মনে হচ্ছিল, ব্যাটিংয়ে এই বাজে শেষের মূল্য দিতে হবে শ্রীলঙ্কাকে। কে জানত, পুরোনো চেহারায় ফেরার মঞ্চ হিসেবে এই ম্যাচকেই বেছে নেবেন মালিঙ্গা!