মালিঙ্গা নেই, ফিরছেন মেন্ডিস
ভারতের বিপক্ষে আগামী সোমবার কলম্বোয় অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টে খেলছেন না লাসিথ মালিঙ্গা। হাঁটুতে সামান্য ব্যথা অনুভব করায় এ টেস্টে তাঁকে বিশ্রামে রেখেছেন লঙ্কান নির্বাচকেরা। মালিঙ্গার জায়গায় খেলবেন দিলহারা ফার্নান্দো। এদিকে মুরালিধরন অবসরে যাওয়ায় এই টেস্টে ফিরছেন স্পিনার অজন্তা মেন্ডিস।ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের অন্যতম কারিগর ছিলেন মালিঙ্গা। দ্বিতীয় টেস্টে এই বোলার থাকছেন না জানিয়ে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা ক্রিকইনফোকে বলেন, ‘মালিঙ্গাকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। পাঁচ দিনের ম্যাচ খেলতে সে পুরোপুরি ফিট নয়। ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী তাকে আগামী টেস্টে বিশ্রামে রাখা হয়েছে।’প্রস্তুতি ম্যাচে ৬৭ রানে ছয় উইকেট নিয়েও প্রথম টেস্টে জায়গা হয়নি অজন্তা মেন্ডিসের। মুরালিধরন অবসর নেওয়ায় ফিরছেন এই স্পিনার। একই কারণে সহ-অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন মাহেলা জয়াবর্ধনে। ডি সিলভা বলছেন, ‘মাঠে মাহেলার সিদ্ধান্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের।’