মালিঙ্গা ম্যাজিকে সহজ জয় শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনায়াসে জয়ের পাটাতনটা তৈরি করে দিয়েছিলেন লাথিস মালিঙ্গা। হ্যাটট্রিকসহ ক্যারিয়ার সেরা বোলিং করে কেনিয়াকে গুটিয়ে দিয়েছিলেন মাত্র ১৪২ রানে। ১৪৩ রানের লক্ষ্যে পৌঁছাতে মাত্র ১৯ ওভার ব্যাট করতে হয়েছে লঙ্কান ব্যাটসম্যানদের। খরচ হয়েছে মাত্র ১টি উইকেট। ফলাফল: ৯ উইকেটের বিশাল জয়।আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মন খারাপ করে দিয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেনিয়া। ২০০৩ সালের বিশ্বকাপে সেমিফাইনাল খেলা একসময়ের জায়ান্ট কিলার দলটি বর্তমানে যে কতটা দুর্বল দলে পরিণত হয়েছে, তার প্রমাণ মেলে তাদের ব্যাটিংয়েই। শ্রীলঙ্কার বিশ্বসেরা বোলারদের বিপক্ষে ‘স্কুলবালকসুলভ’ ব্যাটিংয়ের স্বাক্ষর রেখে তাঁদের ইনিংস শুরু করে খুবই ধীরগতিতে। কলিন্স ওবুইয়া ও ডেভিড ওবুইয়া যথাক্রমে ৫২ ও ৫১ রান করে পূর্ব আফ্রিকার এই দলটির সম্মান কিছুটা হলেও রক্ষা করেন। যে ব্যাটসম্যানকে এককালে টেস্ট পরিবারের বাইরের সেরা ব্যাটসম্যান হিসেবে চিহ্নিত করা হতো, সেই স্টিভ টিকোলো যে নিজের সেরা সময়টা পার করে ফেলেছেন, তার প্রমাণ তিনি রেখেছেন এবারের বিশ্বকাপে নিজেদের তিনটি ম্যাচেই। আজ তিনি ৭ রান করে অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে দিলশানের ক্যাচে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। শেষ দুই ওভারে পাঁচটি উইকেট নিয়ে কেনিয়াকে ১৪২ রানেই গুটিয়ে দেন মালিঙ্গা। দুই ওবুইয়ার দুটি ফিফটি ছাড়া কেনিয়ার ইনিংসের তৃতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে। এর বাইরে সর্বোচ্চ রান এসেছে মাত্র ৮।১৪৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন দুই লঙ্কান ওপেনার উপল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশান। নবম ওভারে দিলশান ৩০ বলে ৪৪ রানের ঝোড়ো একটি ইনিংস খেলে ফিরে যান। বাকি কাজটা অনায়াসেই করে ফেলেন থারাঙ্গা (৬৭*) ও অধিনায়ক কুমার সাঙ্গাকারা (২৭*)।