মালিঙ্গাকে ফিরতে বলছেন ফ্লাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্ধান্তটা যখন নিয়েছিলেন, সমালোচনার তোপে পড়তে হয়েছিল নিজ দেশে। সময়ের সঙ্গে সঙ্গে সেটা থেমেও গেছে। রঙিন পোশাকের পারফরম্যান্সে আবার সমর্থকদের মন জয় করেও নিয়েছেন লাসিথ মালিঙ্গা। স্তিমিত হয়ে আসা প্রসঙ্গটি এত দিন পর হঠাৎই আবার আলোচনায়। সেটাও শ্রীলঙ্কার বাইরে। শুধু টাকার পেছনে না ছুটে মালিঙ্গাকে টেস্ট ক্রিকেটে ফেরার পরামর্শ দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ড কোচ বলেছেন বৃহত্তর দৃষ্টিকোণ থেকে, টেস্ট ক্রিকেটের স্বার্থেই মালিঙ্গার মতো বোলারদের প্রয়োজন।ক্যারিয়ারঘাতী চোটকে দায় দিয়ে গত আইপিএলের মাঝামাঝি হঠাৎ করেই টেস্টকে বিদায় জানান মালিঙ্গা। ‘অর্থলোভী’ বলে সে সময় ব্যাপক সমালোচিত হয়েছিলেন। তবে জয়াবর্ধনে-সাঙ্গাকারাসহ সতীর্থরা মালিঙ্গার পাশে দাঁড়ান। ধীরে ধীরে হারিয়েও যায় প্রসঙ্গটি। ফ্লাওয়ার এখন বলছেন, ‘মালিঙ্গার উচিত, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। বিশ্ব ক্রিকেটের জন্য এটা দুঃখজনক ব্যাপার যে ওর মতো ক্রিকেটার টেস্ট খেলছে না। ওর উচিত, শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলে যাওয়া। কোনো সন্দেহ নেই যে ও খেলতে থাকলে খেলাটার আকর্ষণ অনেক বাড়বে।’বিশ্ব ক্রিকেটে এখন সত্যিকারের ফাস্ট বোলার হাতেগোনা কয়েকজন। হারিয়ে যাচ্ছে বর্ণময় চরিত্রও। এ জন্যই হয়তো মালিঙ্গার জন্য ফ্লাওয়ারের এই হাহাকার। মালিঙ্গাদের হারিয়ে যাওয়ার পেছনে আইসিসিরও দায় দেখছেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক, ‘আইসিসির উচিত, দায়িত্ব নিয়ে কাজ করা এবং এমন কিছু করা, যাতে খেলাটার ভবিষ্যৎ সুন্দর হয়। আমার মনে হয় না এ মুহূর্তে সেটা হচ্ছে।’ ওয়েবসাইট।