বলটা অফ স্টাম্পে পড়ে আউটসুইং করে বেরিয়ে যাচ্ছিল। ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের বলটা খেলাই লাগত। এমন বলে উইকেট আসাই স্বাভাবিক। আবার না-ও আসতে পারে। যা-ই হোক, খুব ভালো বলে উইকেট পেলেন লাসিথ মালিঙ্গা। দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার কাজটা সে করে দিয়েছে। এখানেই একজন ভালো বোলারের কৃতিত্ব। ম্যাচটা যখন বিশ্বকাপের ফাইনাল, দলের সেরা পেসার হিসেবে আপনাকে ব্রেক থ্রু এনে দিতেই হবে। মালিঙ্গা সেটি পেরেছে। শুধু মালিঙ্গা কেন, জাহির খানও তার দলকে ব্রেক থ্রু দিয়েছে শুরুতে। এটাই তো চায় দল। মুম্বাইয়ে কাল শেষ লড়াইয়ে দুই দলের পেস আক্রমণের দুই নেতার বোলিংয়ের এটাই চৌম্বক অংশ।শ্রীলঙ্কার ইনিংসের মাঝপথে ভারতের বোলিং ভালো হয়নি। উইকেট এসেছে বটে, কিন্তু প্রতিপক্ষকে চেপে ধরার সেই ধারটা ছিল না। শ্রীলঙ্কার বোলিং দেখে তো আমি একটু অবাক। ভারতের চেয়ে স্পিন আক্রমণে শ্রীলঙ্কাই এগিয়ে। কিন্তু দেখুন, ভারতীয় ব্যাটসম্যানরা কেমন সাবলীল ব্যাটিং করে গেল মাঝের ওভারগুলোয়। ৫-৬ রান করে এসেছে প্রায় প্রতি ওভারেই। মালিঙ্গা-জহির খানরা একটাই ম্যাচের ভাগ্য পড়তে পারে। মালিঙ্গা দলকে এদিন জেতাতে পারেনি, তবে ইনিংসের প্রথম ওভারেই শেবাগ এবং সপ্তম ওভারে টেন্ডুলকারকে মাত্র ১৮ রানে ফিরিয়ে দলের ওপর থেকে সে চাপ কিছুটা হালকা করে দিয়েছে। টেন্ডুলকারকে আউট করা ডেলিভারিটাই দিনের সেরা বলব।এদিন অ্যাঞ্জেলো ম্যাথুস না থাকায় মালিঙ্গার ওপর চাপটা বেড়ে গিয়েছিল। সেটি কমাতে পারল না কুলাসেকারা আর পেরেরা। এই দুজনের বোলিং দেখে আমি হতাশ। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা মুরালিধরনও সুবিধা করতে পারেনি। পুরো ফিট ছিল না সে। তাই ভারতীয় ব্যাটিংয়ে কোনো প্রভাবই রাখতে পারেনি মুরালিধরন। জহির খান বছর দুয়েক ধরে শীর্ষস্থানীয় বোলারদের সারিতে উঠে এসেছে। পুরোনো বলে রিভার্স সুইং ভালো করাতে পারে। আগের ম্যাচগুলোয় এটা আমরা দেখেছি। কিন্তু এদিন পুরোনো বলে সে মার খেয়েছে। শুরুতে রান দেওয়ায় খুবই কৃপণ থাকলেও পরে রান দিয়ে ফেলেছে অনেক। তবে যত যা-ই হোক, জহির খানের প্রথম স্পেলটা ছিল দুর্দান্ত। উইকেট ছিল ব্যাটিং-সহায়ক। তবু ব্যাটসম্যানদের ওপর চাপটা ভালোই বোঝা গেছে। সবাই তো আর অ্যাডাম গিলক্রিস্ট নন। গিলক্রিস্টকে দেখেছি, বিশ্বকাপের ফাইনালের মতো চাপের ম্যাচে কীভাবে বোলারদের গ্যালারিতে আছড়ে ফেলে। সে রকম ব্যাটিং দেখলাম না। সেটির আসলে দরকারই হয়নি। শেবাগ-টেন্ডুলকারকে ফিরিয়েও মালিঙ্গার দুঃখটা থেকেই যাওয়ার কথা—শুরুতে এমন আগুন ঝরালেও সে পরাজিত দলে!