মালুদার চোখে ফ্রান্স-বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই মাথা নিচু করে বিদায়। কোচ রেমন্ড ডমেনেখকে গালিগালাজ করে নিকোলাস আনেলকা বহিষ্কার, ফেডারেশন সভাপতির পদত্যাগ, বিদায়ী কোচ ডমেনেখকে পার্লামেন্টে তলব—বিশ্বকাপের এই কদিনে কত কিছুই না ঘটেছে ফ্রান্স ফুটবল দলে। কিন্তু ’৯৮-এর চ্যাম্পিয়নদের এই ব্যর্থতার কারণ এখনো অজানাই।অবশেষে সেই অজানা কারণগুলো মিডিয়ার সামনে ফাঁস করে দিলেন দক্ষিণ আফ্রিকা ব্যর্থ মিশনের সদস্য ফ্লোরেন্ত মালুদা। ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে মালুদা বলেছেন, ভুল সিস্টেম, দলের ভেতর নেতিবাচক পরিবেশ এবং খেলোয়াড়দের কথা কোচের না শোনাই ফ্রান্সের এই ভরাডুবির কারণ!দলকে এক সুতোয় বাঁধতে হলে কোচকে অনেক সময় নমনীয় হতে হয়। পরিবেশ শান্ত রাখতে খেলোয়াড়দের সঙ্গে প্রচুর কথা বলতে হয়। আলোচনা করতে হয় ফুটবল নিয়ে, কৌশল বা ফর্মেশন নিয়ে। চেলসির এই মিডফিল্ডারের অভিযোগ, ডমেনেখ নমনীয় তো ছিলেনই না, তাঁর সঙ্গে খেলোয়াড়দের কথাও হতো না, ‘আমাকে খেলার জন্য ডাকা হতো বলে আমি আসতাম। কিন্তু ট্যাকটিক্যাল সিস্টেম কেমন হবে, ৪-৩-৩ নাকি ৪-২-৩-১, তা নিয়ে আমরা কখনো কোচের সঙ্গে কথা বলার চেষ্টা করিনি। আমরা স্রেফ মাঠে নামতাম, কোনো তর্ক করতাম না। আমরা ব্যাখ্যাও খুঁজতাম না। কারণ গত কয় বছরে কোচকে কোনো কিছু বলে প্রভাবিত করতে পারিনি।’ফ্রান্সের হয়ে ৫৭টি ম্যাচ খেলা এই মিডফিল্ডার জানিয়েছেন, ক্লাবে যেমনটা তাঁরা পেতেন সে রকম আদর্শ পরিবেশ ফ্রান্স দলে কখনই পাওয়া যায়নি, ‘এই ভরাডুবির মূলে সিস্টেমের ব্যর্থতাই দায়ী। চেলসি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, অলিম্পিক লিওর মতো ক্লাবে খেলা খেলোয়াড়দের বিকশিত হতে উচ্চপর্যায়ের পরিবেশ প্রয়োজন।’ ক্লাবের পরিবেশের সঙ্গে দলের পরিবেশের তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘চেলসির মতো বড় ক্লাবের সঙ্গে তুলনা করলে জাতীয় দলের কর্মকাণ্ডের ধারা মেনে নেওয়াটা আমার জন্য কঠিনই ছিল। যখনই জাতীয় দলে ডাক পেতাম, ফিরে আসতাম সেই নেতিবাচক পরিবেশের মধ্যে। আমরা ফুটবল নিয়ে কোনো কথা বলতাম না। কিন্তু ক্লাবের পরিবেশ এমনটা নয়। খেলোয়াড়েরা যাতে স্বাস্থ্যকর একটা পরিবেশে থাকে সেজন্য সেখানে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়।’মালুদা দায়ী করেছেন মিডিয়া এবং সমর্থকদের সমালোচনাকেও, ‘আমরা শুনতাম, আমরা নাকি অতিরিক্ত অর্থ পাচ্ছি। আর এখন তো আমাদের ডাকা হচ্ছে গ্যাংলিডার। যেন আমরা ফ্রান্স দলে খেলেছি মানুষের গালমন্দ শোনার জন্য। রক্ষা করার কেউ ছিল না।’দলের পারফরম্যান্স-সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেছেন, ‘ফেডারেশনের কর্মকর্তারা সেখানে ছিল, তাদের এবং কোচের অবশ্যই খেলাগুলো বিশ্লেষণ করে দেখার কথা ছিল। কোচকেই জিজ্ঞেস করুন, তিনি তাঁর কাজ নিয়ে গর্ব করতে পারবেন কি না।’ রয়টার্স।