মালয়েশিয়ার কাছে হার বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার কাছে হেরে গেলেও লড়াইটা ভালোই করেছেন জিমি-চয়নরা। ছবি: হাসান রাজা
মালয়েশিয়ার কাছে হেরে গেলেও লড়াইটা ভালোই করেছেন জিমি-চয়নরা। ছবি: হাসান রাজা

ঘরের মাঠে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের শুরুর দিনই কঠিন পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে। শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে সেই পরীক্ষায় ৩-০ গোলে হেরেছে জিমি-চয়নরা।
মালয়েশিয়ার বিপক্ষে ৩ গোলের হারটাকে ‘খুব খারাপ’ বলা অবশ্য যাবে না। কারণ প্রতিযোগিতার শীর্ষ বাছাই দলটির বিপক্ষে অতীতে বলার মতো কোনো সাফল্যই যে নেই তাদের। গত এশিয়া কাপে মালয়েশিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ৫-১ গোলে। ১৩ নম্বর র‍্যাঙ্কিংয়ের দলটির বিপক্ষে ৩২ নম্বর র‍্যাঙ্কিংয়ের বাংলাদেশ কিন্তু আজ মোটামুটি ভালোই লড়াই করেছে। খেলা শুরুর ৫ মিনিটের মাথায় গোল খেয়ে না বসলে লড়াইটা আরও জোরদার হতে পারত।
ম্যাচের পঞ্চম মিনিটে জলিল মারহানের ফিল্ড গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোর লাইন ২-০ করেন রহিম রাজি। প্রথমার্ধের বাকিটা সময় মালয়েশীয় ফরোয়ার্ডদের ভালোভাবেই ঠেকিয়ে রাখে বাংলাদেশের ডিফেন্ডাররা।
আরো একটি গোল পেতে মালয়েশিয়াকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৪ মিনিট পর্যন্ত। নিক রোশেমি আয়মান ফিল্ড গোলে নিশ্চিত করেন মালয়েশিয়ার বড় জয় । মালয়েশিয়ার সঙ্গে শক্তির ব্যবধানটা মাঠে ফুটে উঠছিল ভালো মতোই। বাংলাদেশ দল পুরো ম্যাচেই রক্ষণাত্মক খেলে ব্যবধানটা ‘সম্মানজনক’ রাখার দিকে মনোযোগ দিয়েছিল। সে লক্ষ্যে মোটামুটি সফলও। প্রতি-আক্রমণ থেকে দুই-একটি সুযোগও এসেছিল বাংলাদেশের সামনে। এর মধ্যে ছিল দুটি পেনাল্টি কর্নার। সে সুযোগগুলো যে কাজে লাগাতে পারলে ফলটা অন্যরকম হলেও হতে পারত।
বাংলাদেশের পরের ম্যাচ কালই। রোববার বিকেল চারটায় বাংলাদেশের প্রতিপক্ষ ফিজি।