থাইল্যান্ডের বিপক্ষে পাঁচ গোলের শোচনীয় হারের মাত্র তিন দিনের মাথায় আজ মঙ্গলবার কুয়ালালামপুরের বুকিত জলিলে প্রীতি ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয়-পরাজয় যা-ই হোক, কুয়ালালামপুরের এই প্রীতি ম্যাচে যেকোনো ধরনের ‘অপ্রীতিকর’ পরিস্থিতি এড়াতে চায় বাংলাদেশ। অর্থাত্, লক্ষ্য—জয় না পেলেও পরাজয়ের ব্যবধানটা যেন বিব্রতকর না হয়।ফিফা র্যাঙ্কিংয়ে ১৬৩তম স্থানে থাকা মালয়েশিয়ার বিপক্ষে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করতেই পারে ১৭২তম স্থানে থাকা বাংলাদেশ। কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো ‘গুছিয়ে ওঠার আগেই গোল খাওয়া’র মতো কোনো ঘটনা ঘটলে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা দূরদিগন্তের ব্যাপার হয়ে দাঁড়াবে। থাইল্যান্ডের মতো মালয়েশিয়ার বিপক্ষেও অতীতে বাংলাদেশের জয়ের রেকর্ড আছে। ১৯৮২ সালের দিল্লি এশিয়ান গেমসে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার সঙ্গে আর মাত্র দুবার মুখোমুখি হয়ে দুবারই পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ। ১৯৭৮ সালের ব্যাংকক এশিয়ান গেমসে অবশ্য প্রথমবারের মোকাবিলায় ১-০ গোলে হারে বাংলাদেশ। সর্বশেষ, ১৯৯৭ সালে, বিশ্বকাপ বাছাইপর্বে জেদ্দায় ১-০ এবং কুয়ালালামপুরে ২-০ গোলে হারে বাংলাদেশ।১৯৯৭ সালের পর বিশ্ব ফুটবল এগিয়ে গেছে অনেক দূর। আন্তর্জাতিক ফুটবলে বলার মতো তেমন সাফল্য না থাকলেও মালয়েশিয়া শক্তিমত্তায় যে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে, সেটা বলার অপেক্ষা রাখে না। গত ১৫ বছরে এ দেশের ফুটবল কেমন ছিল, আমাদের জাতীয় ফুটবল দল সাফ অঞ্চলের বাইরে কয়টা দলের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, সে বিতর্কে না গিয়েও বলা চলে, আজ কুয়ালালামপুরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পরিষ্কার ফেভারিট মালয়েশিয়া।জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা, যিনি মালয়েশিয়ার সঙ্গে সর্বশেষ মোকাবিলায় দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি অবশ্য মনে করেন, মালয়েশিয়া-থাইল্যান্ডের মতো দলের সঙ্গে যত বেশি ম্যাচ খেলা যাবে, জাতীয় দলের খেলোয়াড়েরা ততই উপকৃত হবেন। তিনি বলেন, ‘থাইল্যান্ডের সঙ্গে ১৯ বছর পর বাংলাদেশ খেলতে নেমে পাঁচ গোল খেয়েছে। আজ মালয়েশিয়ার সঙ্গে ১৫ বছর পর খেলতে নামবে। সময়ের এই ব্যবধান সব সময়ই বিপজ্জনক হয়ে দেখা দেয়। সময়ের অতিরিক্ত ব্যবধানের কারণেই থাইল্যান্ডের বিপক্ষে আমরা বড় ব্যবধানে হেরেছি।’মালয়েশিয়ার বিপক্ষে জাতীয় দল আজ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে মনে করেন জুয়েল রানা। তিনি বলেন, ‘থাইল্যান্ডের বিপক্ষে যা হওয়ার হয়েছে, সেই ম্যাচ এখন অতীত। ওই ম্যাচের ভুলত্রুটি শুধরে আজ যদি বাংলাদেশ মাঠে নামতে পারে, তাহলে প্রতিদ্বন্দ্বিতার আশা আমরা করতেই পারি।’জুয়েল দুঃখ করে বলেন, ‘পত্রিকায় দেখলাম, থাইল্যান্ডের বিপক্ষে হারের সব দোষ চাপিয়ে দেওয়া হয়েছে গোলরক্ষকের ওপর। এটা ঠিক নয়। জয়ে যদি সবার কৃতিত্ব থাকে, পরাজয়ের ভাগীদারও হতে হবে সবাইকে। ব্যাংককে পাঁচ গোলের হারের দায়ভার সবার। কেবল একজন খেলোয়াড়ের ওপর পুরো দায় চাপিয়ে দিলে দল ক্ষতিগ্রস্ত হয়।’ মালয়েশিয়ার বিপক্ষে ব্যাংককের দুঃসহ স্মৃতি ভুলেই বাংলাদেশ আজ নতুন উদ্যমে মাঠে নামবে বলে আশা প্রকাশ করেন তিনি। জুয়েল রানা বলেন, ‘আমাদের খেলোয়াড়েরা কখনোই বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না। ক্লাব বলুন কিংবা জাতীয় দল, কোথাও খেলোয়াড়দের সুযোগ বেশি নেই। এটা আমাদের উন্নয়নের পথে বিরাট এক অন্তরায়।’ জুয়েল রানার মতে, ‘সপ্তাহে কমপক্ষে চার দিন জাতীয় দলের জন্য অনুশীলন পরিকল্পনা রাখতে হবে। বিদেশি কোচ আসুক কিংবা দেশি কোচ, জাতীয় দলকে বিভিন্ন দেশে সফরে পাঠাতে হবে। ভালো দল, মাঝারি দল, সমমানের দল— সবার সঙ্গেই বেশি করে ম্যাচ খেলতে হবে। প্রথমে আমরা হারব। একসময় হারের ব্যবধান কমে আসবে, এরপর ধীরে ধীরে আমরা জিততে শুরু করব।’জুয়েল আরও বলেন, একটি ম্যাচের ফলাফল নিয়ে বসে থাকলে ফুটবলের উন্নয়ন হবে না।১৯৯৮ সালে জেদ্দায় বিশ্বকাপ বাছাইপর্বে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল জুয়েল রানার হাতে। সেই ম্যাচের স্মৃতিচারণা করে জুয়েল বলেন, ‘জেদ্দার ওই ম্যাচে বাংলাদেশ জিতেও যেতে পারত। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে ছিল। ৭৮ মিনিটের পেনাল্টি গোলে বাংলাদেশ হেরে যায়। দ্বিতীয়ার্ধের একপর্যায়ে স্ট্রাইকার আলফাজ আহমেদ মালয়েশিয়ার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।’ জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘১৯৯৭ সালে মালয়েশিয়া ও বাংলাদেশের ফুটবলের মান ছিল উনিশ-বিশ। ব্যাপারটি অনেকটা এমন ছিল, মালয়েশিয়ার বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, ভালো খেললে জিতেও যাব। কিন্তু হারলে তা কখনোই বড় ব্যবধানে হবে না।’জুয়েল রানার মতে, ‘গত ১৫ বছরে অনেক কিছুই পাল্টে গেছে। এই সময়ে আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়ার ব্যাপারে আমরা তীব্র অনীহা দেখিয়েছি। আমরা থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা এ ধরনের কোনো দলের সঙ্গেই ম্যাচ খেলিনি, যার প্রভাব পড়েছে সামগ্রিকভাবে ফুটবলের মানের ক্ষেত্রে।’