মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ড্র
তিন দিন আগে থাইল্যান্ডের কাছে ৫-০ গোলের হার। তবে সেই শোচনীয় হারের দুঃস্মৃতি কাটিয়ে আজ মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ১৬৩তম, আর বাংলাদেশের অবস্থান ১৭২তম। ব্যবধানটা খুব বেশি নয়। তবে এ ম্যাচে স্পষ্টত ফেবারিট ছিল মালয়েশিয়া। এর কারণ দুটি। প্রথমত, ম্যাচটি ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। দ্বিতীয়ত, মাত্র তিন দিন আগে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বিব্রতকর অভিজ্ঞতা। আজকের ম্যাচে মালয়েশিয়া জেতেনি ঠিক, কিন্তু দলটির শুরুটা হয়েছিল ফেবারিটের মতোই।খেলার ২২ মিনিটের এগিয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন মিডফিল্ডার খায়রুল মোহাইমেন। কিন্তু গোটা ম্যাচে মালয়েশিয়ার প্রাপ্তি বলতে এটুকুই।প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। গোল হচ্ছিল না দ্বিতীয়ার্ধেও। খেলার ৮০ মিনিটের সময়ও ১-০ গোলে এগিয়ে ছিল মালয়েশিয়া। কিন্তু এর তিন মিনিট পরই খেলায় সমতা আসে। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে করা জাহিদ হাসান এমিলির গোলের সুবাদে শেষ পর্যন্ত ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।