মালয়েশিয়ায় ফাহাদের সোনা

সপ্তাহ দুয়েক আগে সাব-জুনিয়র দাবায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। গত সপ্তাহে শেষ হওয়া জুনিয়র দাবায় টাইব্রেকারে হেরে হয়েছে রানারআপ। দারুণ সময় যাচ্ছে এই দাবা-বালকের। ঢাকায় যেখানে শেষ হয়েছিল, মালয়েশিয়ায় গিয়ে যেন সেখান থেকেই শুরু হলো ফাহাদ রহমানের। ষষ্ঠ সুয়েনসেন উন্মুক্ত র্যাপিড দাবার অনূর্ধ্ব-১২ বিভাগে সোনা জিতেছে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। ছয় খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়েছে ফাহাদ। এই প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের দুই শ দাবাড়ু। আজ ফাহাদ গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে খেলবে বড়দের সঙ্গে, যে টুর্নামেন্টে অংশ নেবেন বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও।
কাল সোনা জয়ের পর মালয়েশিয়া থেকে টেলিফোনে দারুণ উচ্ছ্বসিত লাগল ফাহাদকে, ‘আমি পরপর দুটি টুর্নামেন্টে ভালো খেলে মালয়েশিয়ায় এসেছি। আমার আত্মবিশ্বাস ছিল এখানে সোনা জিতব। আশা করি, গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টেও ভালো করব।’
আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফাহাদের এটি অষ্টম পদক। এর আগে দিল্লিতে এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপের স্ট্যান্ডার্ড বিভাগে ও র্যাপিডে দুটি সোনা, ব্লিৎজে ব্রোঞ্জ, দুবাইয়ে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে রুপা, থাইল্যান্ডে আসিয়ান চ্যাম্পিয়নশিপে স্ট্যান্ডার্ড বিভাগে সোনা, র্যাপিডে রুপা, দিল্লিতে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতে ফাহাদ।