মাশরাফি আছেন আগের মতোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

টেস্ট সিরিজ শেষেই টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ দিনের দীর্ঘতম সংস্করণের পরই মাত্র ২০ ওভারের সংক্ষিপ্ত ক্রিকেট। সেটাও আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল শ্রীলঙ্কার বিপক্ষে। মানিয়ে নিতে পারবেন তো বাংলাদেশের ক্রিকেটাররা? টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এই প্রশ্নের চেয়ে অবশ্য অধিনায়কত্বের প্রশ্নেই বেশি তোলপাড় হলো বাংলাদেশ ক্রিকেট-অঙ্গন। মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে দীর্ঘদিন পর আবার অধিনায়করূপে হাজির হলেন মাশরাফি বিন মুর্তজা। সহ-অধিনায়ক তামিম ইকবালের বদলে তাঁকে কেন অধিনায়ক করা হলো, তা নিয়ে বিতর্কও ছড়াল। দলের ঐক্যে ফাটল ধরবে কি না, এমন সংশয়ও হয়তো ছিল অনেকের। কিন্তু সংবাদ সম্মেলনে সেসব কিছুই পাত্তা দিলেন না অধিনায়ক মাশরাফি। তামিম ইস্যু নিয়ে দলে কোনো প্রভাব পড়েনি বলেই জানালেন তিনি।

অনেকটা হুট করেই অধিনায়কত্বের দায়িত্বটা তুলে দেওয়া হয়েছে মাশরাফির হাতে। দীর্ঘদিন পর আবার এই গুরুদায়িত্ব পেলেও মাশরাফি আছেন আগের মতোই। নতুন পাওয়া দায়িত্বটা ঠিকঠাক পালন করার দিকেই এখন মনোযোগ দিচ্ছেন তিনি, ‘আমাকে বোর্ড থেকে জানানো হয়েছে। আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, সেটা ভালোভাবে করাই আমার দায়িত্ব।’ তামিম ইস্যু নিয়ে দলে কোনো সমস্যা তৈরি হয়নি আর তামিম নিজেও মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছেন বলে সবাইকে আশ্বস্ত করেছেন মাশরাফি, ‘(তামিমের) মানসিক অবস্থা “অ্যাবসোলিউটলি ফাইন”। শারীরিক অবস্থা ফিজিও দেখছে। ফিজিও ভালো বলতে পারবে, কারণ তার অধীনে এখনো আছে। সে অ্যাসেস করছে। আশা করছি ভালো হয়ে যাবে। ফিজিও জানাবে হয়তো বা। তামিম অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্বের সব জায়গায় ক্রিকেট খেলছে ও এখন। প্রসেসটা আমার মনে হয় ও খুব ভালো জানে। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বিষয়টি নিয়ে আমাদের ভেতরে কোনো কনসার্ন নেই। একটা টিম হিসেবে আছি। পুরোপুরি মনোযোগ এখন কালকের ম্যাচটা নিয়ে। একেবারে সত্যি যে, আমরা সবাই এক হয়ে আছি। কোনো সমস্যাই তৈরি হয়নি।’

টেস্ট সিরিজ খেলে এসেই টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা ক্রিকেটে মানিয়ে নিতে সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘সবখানেই এমন হচ্ছে। এটা নিয়ে ভেবে কোনো লাভ হবে না। এ রকম সব জায়গায় হচ্ছে। আমরাও এভাবে খেলতে অভ্যস্ত। আমাদের এটা মেনে নিয়েই খেলতে হবে।’

র্যাঙ্কিংয়ের হিসাবে লড়াইটা খুবই অসম হওয়ার কথা। শ্রীলঙ্কা যেখানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল, সেখানে বাংলাদেশ আছে ১০ নম্বরে। আয়ারল্যান্ডেরও নিচে। তবে মাশরাফি জানালেন, বাংলাদেশ মাঠে নামবে জয়ের লক্ষ্যেই। চট্টগ্রামে দর্শকদের সমর্থনটাও একটা ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘পজেটিভভাবেই নামব। জেতার জন্যই খেলব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেই জিততে চাই। যেকোনো কিছু হতে পারে। আমরা সবাই ফোকাসড এবং শতভাগ দিতে প্রস্তুত। দর্শকেরা আমাদের সমর্থন দেবে। সব দিক থেকে উজ্জীবিত হতে পারব। আন্ডারডগ বা ফেবারিট বলতে পারব না। ভালো খেলার ব্যাপারে আশাবাদী আমি।’