মাশরাফি আছেন, মাশরাফি থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

১৩ বছরের ক্যারিয়ারে হাঁটুতেই সাতবার অস্ত্রোপচার। চারবার বাঁ হাঁটুতে, ডান হাঁটুতে তিনবার। ক্যারিয়ার শুরুর আগে ও পরে মিলিয়ে দুবার হয়েছে চোখে অস্ত্রোপচার। ২০০১ সালে পেট আর বুকের ডান দিকে পাওয়া চোটটা ফিরে এসেছে গত এশিয়া কাপে। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে সীমানাদড়ির ওপর পড়ে চোট পেয়েছেন ডান পাঁজরে। এ ছাড়া পিঠের হাড়ে চোট পেয়েছিলেন ২০০৬ সালে। অস্ত্রোপচার না করিয়েও সেবার মাঠের বাইরে থেকে বিশ্রাম নিতে হয়েছিল দুই মাস।
বলা হচ্ছে, মাশরাফি বিন মুর্তজার কথা, চিকিৎসাবিজ্ঞানের ছাত্রদের গবেষণার বিষয় হতে পারেন যিনি। মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপন, চাইলে হতে পারেন চোটাঘাত নিয়ে কোনো প্রচারণার ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ও। বাংলাদেশের ক্রিকেটারদের কেউ কেউ তো ছোটখাটো চোটে পড়লে ফিজিও-চিকিৎসকের আগে মাশরাফির পরামর্শ নেন। কোন সমস্যায় কী করতে হবে, সেসব মাশরাফিরও মুখস্থ। ভালো কথা, তিনবার করে দুই অ্যাঙ্কেলের লিগামেন্টও ছয়বার ছিঁড়েছে। ব্রেট লিসহ বিশ্বের অনেক বড় বড় বোলারই এ ধরনের চোট সারাতে অস্ত্রোপচার করিয়েছেন। মাশরাফি করাননি। কেন করাননি জানতে চাইলে শুনবেন পাল্টা প্রশ্ন, ‘আর কত অপারেশন করাব বলেন? অপারেশন করাতে করাতে তো শেষই হয়ে গেলাম...।’
আশার কথা, পাঁজরের হাড়ের যে চোট মাশরাফিকে কালকের হংকং ম্যাচটা খেলতে দেয়নি, সেটা খুব গুরুতর নয় বলে জানা গেছে কাল ঢাকায় ফিরে করা পরীক্ষা-নিরীক্ষায়ও। এক্স-রে ও সিটি স্ক্যান হাড়ে কোনো ফাটল দেখায়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, ব্যথা যেটা আছে তা নিয়ে খেলা সম্ভব। মাশরাফিও আশাবাদী, ‘ফ্র্যাকচার যেহেতু নেই, পেইনকিলার ইনজেকশন নিয়ে খেলে ফেলতে পারব আশা করি। আগের ম্যাচটা তো সেভাবেই খেললাম।’ কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ায় এমআরআইও করাতে হয়েছে মাশরাফিকে। আঘাতের চোটে ফুসফুসে নাকি পানিও জমেছে একটু। তবে চিকিৎসকেরা কোনোটাকেই গুরুতর মনে করছেন না।
প্রতিটি চোটাঘাত কাটিয়ে মাশরাফি মাঠে ফিরেছেন দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে। তাঁকে নিয়ে বিস্ময় এখানেই। শরীরে অসংখ্য কাটা-ছেঁড়ার পরও যে নতুন বল হাতে আগুন ঝরাতে পারেন, সেটা তিনি মাশরাফি বলেই! নইলে চোটাঘাতে ক্যারিয়ারের প্রায় এক-তৃতীয়াংশ সময় মাঠের বাইরে কাটানোর পরও কেন আরেকজন মাশরাফি খুঁজে পেল না বাংলাদেশ? গত এক যুগে বাংলাদেশ অসংখ্য পেস বোলার পেয়েছে, কেউ কেউ হারিয়েও গেছেন। কিন্তু মাশরাফির জায়গাটা কেউ নিত পারল না! এখনো ইনিংসের প্রথম ওভার বোলিং সুস্থ মাশরাফির হাতেই সবচেয়ে ভালো মানায়। এখনো দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফির চোটাঘাত দেখতে দেখতে ‘ত্যক্ত-বিরক্ত’ কারও কারও অভিমত, জাতীয় দলে মাশরাফিকে রাখা মানে একটা বোঝা বহন করা। মাশরাফি থাকা মানেই যেকোনো সময় আবার একটা অঘটনের শঙ্কা। ফিজিও, ট্রেনার, চিকিৎসকদের সারাক্ষণ তাঁর ওপরই চোখ রাখতে হয়। তাই যথেষ্ট মনোযোগ দেওয়া যায় না অন্য খেলোয়াড়দের প্রতি। নিষ্ঠুর বাস্তবতা হলেও কথাগুলো পুরোপুরি ভুল নয়। কিন্তু এটাও ঠিক, মরা হাতির দামও লাখ টাকা। আপনি যখন জানবেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেললেও অন্যদের তুলনায় মাশরাফির নিশানাই হবে সবচেয়ে নিখুঁত, তখন অচল বলে তাঁকে বাদ দেওয়ার উপায় নেই। আর শুধু মাঠে নয়, ড্রেসিংরুমেও মাশরাফি অধিনায়কের সবচেয়ে বড় ভরসা। দলের যেকোনো ক্রান্তিকালে তাঁর হাতটাই প্রসারিত হয় সবচেয়ে বেশি। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া খেলোয়াড়দের সবচেয়ে কাছের বন্ধুও মাশরাফি। এ ছাড়া তাঁর কখনো হার না-মানা মানসিকতা শুধু ক্রিকেট দলই নয়, গোটা দেশের তরুণ প্রজন্মের কাছেই হতে পারে অনন্য এক উদাহরণ।
দুই-তিন আগে চট্টগ্রামে ক্রিকইনফোর ভারতীয় এক সাংবাদিক চোটাঘাত নিয়ে ছোট্ট একটা সাক্ষাৎকার নিয়েছেন মাশরাফির। চোটাঘাত নিয়েও খেলে যাওয়ার প্রেরণাটা বলেছেন তাঁকে, ‘প্রথমত আমি খেলতে ভালোবাসি। বাংলাদেশের পক্ষে খেলাটা বিশাল এক ব্যাপার। আমি চিন্তাও করতে পারি না যে বাংলাদেশের হয়ে খেলছি না।’ মাশরাফির এই সাহসী মানসিকতা বিস্মিত করেছে ওই সাংবাদিককে, ‘এত কিছুর পরও তিনি সাহস হারাননি! দারুণ ইতিবাচক। প্রতিটি চোটাঘাত কাটিয়ে ফেরাটাকে ইতিবাচকভাবে নিয়ে সামনে এগিয়েছেন।’
এমন মাশরাফিকে কখনোই হারাতে চাইবে না বাংলাদেশ। মাশরাফি আছেন, মাশরাফি থাকবেনও।