টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কটা ম্যাচ খেলেছেন, পাঁজরের ব্যথা নিয়েই খেলেছেন। কিন্তু মাশরাফি বিন মুর্তজা শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন পুরোনো হাঁটুর ব্যথায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচটি খেলা হচ্ছে না তাঁর। মাশরাফির বিকল্প হিসেবে কাল রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তরুণ পেসার তাসকিন আহমেদ। ডান হাঁটুতে নতুন করে চোটটা পেয়েছিলেন ভারতের বিপক্ষে ম্যাচে। রোহিত শর্মাকে যে বলে আউট করলেন, ওই বলেই ঝাঁকুনিতে হাঁটুটা নড়ে গিয়েছিল বলে ধারণা মাশরাফির। পরশু পাকিস্তানের বিপক্ষে খেলার পর ব্যথা আরও বেড়েছে, ফুলেও গেছে হাঁটুটা। ফিজিও বিভব সিংয়ের পরামর্শ মেনে তাই আজকের ম্যাচটা না খেলারই সিদ্ধান্ত নেন মাশরাফি। টিম হোটেল ছেড়ে যান কাল সকালেই। কাল রাতে টেলিফোনে মাশরাফি জানিয়েছেন, ‘ফোলা আছে বলে এখনো এমআরআই করানো হয়নি। ফোলা এবং ব্যথা কমলে সেটা করানো হবে। তখন হাঁটুর আসল অবস্থাটা বোঝা যাবে।’