মাশরাফি আর শাহাদাতের মিশেল শফিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ঘটনা। সেবার প্রিমিয়ার লিগে সূর্যতরুণের হয়ে খেলেছিলাম। তো ক্লাবে গিয়ে দেখলাম, সবাই একটা ছেলের নাম বলছে আর আফসোস করছে। আগের মৌসুমে সূর্যতরুণ খুব সম্ভবত রানার্সআপ হয়েছিল। সেই সাফল্যের পেছনে ছিল তরুণ এক ফাস্ট বোলার। আগের মৌসুমের সাফল্যের কারণে সূর্যতরুণ থেকে ওকে ছিনিয়ে নিয়েছিল বিমান।শফিউলের নাম আগে প্রথম সেখানেই শুনি। আর ওকে প্রথম দেখলাম সেবার লিগেই। বিমানের বিপক্ষে আমাদের ম্যাচ ছিল। খুব ভালো খেলছিলাম আমরা। জয় উঁকি দিচ্ছিল। শেষ ৫ ওভারে ২৫ রানের মতো দরকার। হাতে ৬ উইকেট। এই অবস্থায় চরম হতাশাবাদী অধিনায়কেরও দুশ্চিন্তা হওয়ার কথা নয়।দেখলাম হালকা-পাতলা গড়নের এক বোলারকে নিয়ে এল বিমানের অধিনায়ক সানোয়ার। এর আগেও বল করেছে। অতটা ভালো করে খেয়াল করিনি। করলাম শেষে এসে। যখন আমাদের সর্বনাশ হলো!৩ ওভার বল করেছিল। কী সেই বোলিং! হুবহু মনে নেই। খুব সম্ভবত ৩ ওভারে ৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিল। প্রায় হাতের মুঠো থেকে জয় ছিনতাই হয়ে গেল। ছিনতাইকারীর নাম শফিউল।সেদিন ম্যাচের শেষে যেচে গিয়ে সানোয়ারের কাছে খোঁজ নিয়েছিলাম বোলারটির ব্যাপারে। আসলে পরাজয়ের বেদনা ছাপিয়ে তখন আমার চোখেমুখে মুগ্ধতা ওকে নিয়ে। সানোয়ার জানাল, আসলেই শফিউল এক সম্পদ। সেদিনই বুঝে গিয়েছিলাম, জাতীয় দলে শফিউলকে দেখব দ্রুতই। হলোও তা-ই। মাত্র দুটো ঘরোয়া মৌসুম খেলেই ও জায়গা করে নিল জাতীয় দলে।খুব ভালো সময়ে শফিউলের মতো একটা সম্পদ আমরা পেয়েছি। মাশরাফির ইনজুরি, শাহাদাতের ফর্মহীনতা, নাজমুল-ডলারদের থিতু হতে না পারা...নতুন আরেক ফাস্ট বোলারের জন্য হাপিত্যেশ করতে হচ্ছিল। সেই সময়ই শফিউল যেন এসে বলে দিল, ‘দুশ্চিন্তা কিসের, আমি তো আছি!’শফিউল আসলেই আমাদের জন্য বড় এক সম্পদ। আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের কোনো বোলার ১৪০ কিলোমিটারের আশপাশের গতিতে বল করছে, দেখতেই ভালো লাগে। কিন্তু শুধু পেসটাই তো শেষ কথা নয়। লাইন-লেংথটাও ভালো থাকা জরুরি। শফিউলের সেটাও আছে। সানোয়ারই আমাকে জানিয়েছিল, শফিউলের সবচেয়ে বড় গুণ ফিল্ডিং অনুযায়ী বোলিং করে। আমাদের ফাস্ট বোলারদের ‘কমন’ একটা রোগ ছিল। দেখা গেল, আপনি অফে ফিল্ডিং সাজালেন, বোলার বল দিচ্ছে লেগ স্টাম্পে।শফিউলের লাইনের ওপর নিয়ন্ত্রণ অনেক ভালো। তবে ওর যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ওর শরীরী ভাষা। একজন ফাস্ট বোলারের মধ্যে ঝাঁজ থাকা জরুরি। আমার তো এখনো চোখে ভাসে সেই ছবিটা: ব্রেন্ডন ম্যাককালামকে আউট করে, মাধ্যাকর্ষণ শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শফিউল যেন উড়ে যেতে চাইছে আকাশে!এ কথা আমি সব সময়ই বলি, ফাস্ট বোলাদের শরীরী ভাষায়, চোখে আগুন থাকতে হবে। শাহাদাতের যেটা ছিল। কিন্তু শাহাদাতের পেস সে তুলনায় কম। শফিউলের মধ্যে শাহাদাতের মতো ঝাঁজ আছে, আবার মাশরাফির মতো নিয়ন্ত্রিত পেসও। কেবলই শুরু। তবে ওর মধ্যে পরিপূর্ণ ফাস্ট বোলার হয়ে ওঠার সব রসদই বর্তমান।আমার চোখে এখনো লেগে আছে ইংল্যান্ডের বিপক্ষে ওর বোলিংটা। ফুটবল বিশ্বকাপের ডামাডোলে ব্রিস্টলে ইংল্যান্ডকে হারিয়েছিলাম আমরা। শফিউল সেদিন দারুণ বোলিং করেছিল—শুরুতে, শেষেও। শফিউলের ব্যাটিংটার কথাও বলতে চাই। ঘরোয়া ক্রিকেটে ওকে কিন্তু আমি বেশ ভালো ব্যাটিং করতে দেখেছি। শফিউলের মধ্যে আসলে বোলার-অলরাউন্ডার হয়ে ওঠার সম্ভাবনাও আছে। আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে সেই ব্যাটিংটা কেন জানি হারিয়ে যাচ্ছে। অবশ্য গত বছর ইংল্যান্ডের বিপক্ষে একটা টেস্টে ও দারুণ ব্যাটিং করেছিল মনে আছে। প্রথম ইনিংসে ১০ নম্বরে নেমে ফিফটিও করেছিল। ৫৩ রানের ইনিংসটার ৪৪-ই এসেছে চার থেকে। শফিউলের হাতে মারও আছে।ওকে আমরা মাঝেমধ্যে ব্যাটিং পাওয়ার প্লেতেও কাজে লাগাতে পারি। শুধু বিশ্বকাপের কথা বলছি না, দীর্ঘমেয়াদি ভবিষ্যতে শফিউলকে আরও ভালোভাবে ব্যবহার করা যায় বলে আমি মনে করি। বিশ্বকাপে আমাদের নতুন বলের বোলারদের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ হবে, সে কথা আমি এই কলামে অনেকবারই বলেছি। শফিউলকে আমি জেনে-বুঝেই ‘সম্পদ’ বলেছি। সম্পদ বলেই ওকে ব্যবহার করতে হবে হিসাব করে। শারীরিকভাবে ওকে আরও ফিট হতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটের এখন যে ধকল, প্রায়ই দেখি এত সতর্কতার পরেও ফাস্ট বোলাররা ঘন ঘন ইনজুরিতে পড়ছে। শফিউলের আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে। ওর হাসি। শিশুর সারল্যমাখা একটা হাসি আছে ওর। ‘সুহাস’ ডাকনামটা যিনি দিয়েছেন, তাঁকে ধন্যবাদ।