মাশরাফি তাকিয়ে আজকের ম্যাচের দিকে
৫-৩-২ বা ৬-২-২। আবার ভালো বোধ করলে ব্যাপারটা ৭-৩ও হতে পারে। কিন্তু এটি আসলে কি? ইংল্যান্ড সিরিজের আগে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার মুখ দিয়ে নিশ্চয়ই ফুটবলের ছকের কথা বেরোবে না!কাল মিরপুর ইনডোরের নেটে বল করে ড্রেসিংরুমে ফেরার পথে জাতীয় দলের এই পেসার আসলে বলছিলেন নিজের সম্ভাব্য বোলিং স্পেলের কথা। ফতুল্লা স্টেডিয়ামে আজ বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি। এ ম্যাচ যদি তার জন্য হয় সত্যি সত্যি ইনজুরি মুক্তির ঘোষণা, তাহলে খেলতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। যেখানেই খেলুন, ফিজিও আর বোলিং কোচের বেঁধে দেওয়া ওই বোলিং স্পেলেই বল করবেন মাশরাফি। ভালো বোধ করলে প্রথম স্পেলে একটানা ৭ ওভারও করতে পারেন। নইলে ৫ বা ৬ ওভারের বেশি নয়।অস্ট্রেলীয় বিশেষজ্ঞ চিকিত্সক ডেভিড ইয়াং খেলার ছাড়পত্র দিয়ে দিয়েছেন। প্রধান নির্বাচক রফিকুল আলমও বলছেন, ‘অস্ট্রেলিয়া ঘুরে আসার পর অনেক উজ্জ্বল দেখাচ্ছে মাশরাফিকে।’ কিন্তু দীর্ঘ ইনজুরির পর এখনই মাঠে ফেরার ব্যাপারে মাশরাফি নিজে কতটা আত্মবিশ্বাসী? নেটে গত দুই দিনের বোলিং সাহস জোগাচ্ছে তাঁকে, ‘এর আগে যত দিন বল করেছি, আমার মনে হয় আজকেই (গতকাল) সবচেয়ে ভালো করেছি। কালকে (আজ প্র্যাকটিস ম্যাচে) তো আরও বেশি চাপ থাকবে। সেটাই দেখার বিষয়...কী করি। তবে আজ যে রকম সঠিক জায়গায় বল ফেলেছি, লাইন-লেংথ ঠিক ছিল, এ রকম করতে পারলেও বলব ঠিক আছে। পুরো পেস আসতে কিছুদিন লাগবে। ম্যাচ না খেললে হয়তো আসবেই না।’ আর সে জন্যই মাশরাফি তাকিয়ে আজকের প্রস্তুতি ম্যাচের দিকে, ‘নিউজিল্যান্ড সফরের আগেও আমি এতটা আত্মবিশ্বাসী ছিলাম না। সত্যি বলতে কি প্রস্তুতি ম্যাচটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এ ম্যাচে খেলতে পারলে নিজের অবস্থাটা বুঝতে পারব।’অবস্থা বলতে মাশরাফি একটা জিনিসই বুঝতে চাচ্ছেন—বল ডেলিভারির সময় ল্যান্ডিংটা ঠিক হচ্ছে কি না। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে এই ল্যান্ডিংয়ের সময়ই মুখ থুবড়ে পড়েছিলেন আর্নস ভেলের উইকেটে। বাড়তি সতর্কতা হয়তো সে কারণেই, ‘মূল কাজটা হচ্ছে ঠিকভাবে ল্যান্ডিং করা। ডেলিভারির সময় ল্যান্ডিংটা গুরুত্বপূর্ণ, ওটা করতে পারলে বুঝব আমার কোনো সমস্যা নেই। তবে ল্যান্ডিংয়ে আমি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।’ গত দুই দিনের বোলিং আরেকটা দিক দিয়েও নিশ্চিন্ত রাখছে তাকে, ‘লাইন-লেংথেও সমস্যা নেই। আমি যখন এতটা ফিট ছিলাম না তখনো আমার মনে হয়নি যে লাইন-লেংথে খুব বেশি সমস্যা আছে।’ গতি, লাইন-লেংথ, বল ফেলার জায়গা—ক্রিকেট থেকে এতগুলো দিন দূরে থাকার পরও সেসবে জং ধরেনি বলেই মাশরাফির বিশ্বাস। তাঁর যত ভয় কেবল পা নিয়েই, ‘পা ঠিক থাকলে মনে হয় সব ঠিক আছে। যদিও আমার কাজ শুধু ১০ ওভার বল করা না। ফিল্ডিংয়ে একটা ক্যাচ ফেললেও সেটা দলের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে আশা করি ওটার জন্য সমস্যা হবে না। ল্যান্ডিং ঠিক করতে পারলে বাকি সবও ঠিকঠাকভাবে হবে।’কিন্তু এই যে সাত মাসেরও বেশি সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে, ঘরোয়া ক্রিকেটে খেলা বলতেও কেবল জাতীয় লিগের একটা ম্যাচ—শারীরিক ফিটনেস বা মানসিক শক্তিতেও কি ধুলো ফেলেনি এই অনভ্যস্ততা? অতীত বরং অন্য কথাই বলছে মাশরাফিকে, ‘প্রথম শ্রেণীর ম্যাচ না খেলে আন্তর্জাতিক ম্যাচ খেলায় শুরু থেকেই অভ্যস্ত আমি। ইনজুরি থেকে উঠে সরাসরি আন্তর্জাতিক ম্যাচে নামতে কখনোই সমস্যা হয়নি। আমার বল ফেলার জায়গাটা এক শ ভাগ ঠিক আছে, আত্মবিশ্বাসটা ওখানেই।’ সঙ্গে চালিকাশক্তি হিসেবে নিচ্ছেন আন্তর্জাতিক ম্যাচের চাপটাকেও, ‘ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলে মনে হয়েছে আমি যেন ঠিক আত্মবিশ্বাসী নই। হয়তো ঘরোয়া ক্রিকেটে দুর্ঘটনা ঘটাতে চাই না বলেই...। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আমি নিজেই নিজেকে চাপ দেব। এখানে ভালো খেলার তাড়না থাকে, দুর্ঘটনা ঘটলেও সেটা মেনে নেওয়া যায়।’যেমনটা মেনে নিয়েছেন আট বছরের ক্যারিয়ারে ৬টি অস্ত্রোপচার আর অসংখ্য ইনজুরির ধকলকে। কিন্তু এবারের লড়াই যতটা না ইনজুরির সঙ্গে তার চেয়ে বেশি তো নিজের সঙ্গেই! কী অপেক্ষা করছে মাশরাফির জন্য?