মাশরাফি নেই অন্তত দেড় মাস
বাংলাদেশ দলের অধিনায়ক কথা বলবেন বলে অপেক্ষা করছিলেন সাংবাদিকেরা। তখনই ড্রেসিংরুমের ওপাশ থেকে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এলেন ‘অধিনায়ক’। না, সাকিব আল হাসান নন, চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া মাশরাফি বিন মুর্তজা। প্রথম ওয়ানডের দ্বিতীয় ওভারে বল করতে এসেই অ্যাঙ্কেলে চোট পাওয়া মাশরাফি মাঠের বাইরে চলে গেছেন, এটা পুরোনো খবর। নতুন খবর হলো, গতকাল চিকিৎসকেরা মোটামুটি নিশ্চিত হয়েছেন, লিগামেন্টই ছিঁড়ে গেছে বাংলাদেশের এই ইনজুরি-প্রিয় পেসারের। গতকাল দুপুরে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী ও ফিজিও মাইকেল হেনরির কাছে সর্বশেষ অবস্থাটা দেখাতে এসেছিলেন মাশরাফি। তাঁকে দেখে চিকিৎসক দেবাশিসের মনে হয়েছে, ‘এখনো জায়গাটা ফোলা আছে। তবে নীলচে হয়ে গেছে আঘাত পাওয়া জায়গা। তার মানে ভেতরে রক্তক্ষরণ হয়েছে। হাড় যেহেতু ভাঙেনি, আর একটা কারণেই রক্তক্ষরণ হতে পারে, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া।’বিসিবির এই চিকিৎসক জানালেন, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া অনেকটাই নিশ্চিত হওয়ায় এখন মাশরাফিকে কমপক্ষে ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। সময়টা বাড়তেও পারে। বিপদের কথা হলো, সময়টা বাড়লে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাও মিস হয়ে যাওয়ার আশঙ্কা আছে মাশরাফির।আপাতত আজ বা কাল থেকেই মাশরাফির ফিজিওথেরাপি শুরু হয়ে যাবে। পরবর্তী এক সপ্তাহ ক্রাচ নিয়েই ঘুরতে হবে তাঁকে; এই সময়ে আহত পায়ে আংশিক ভর দিতে পারবেন।তবে মাঠে নেমে দৌড়ানো শুরু করতে সপ্তাহ চারেক সময় লেগে যাবে এই পেসারের। অবশ্য চিকিৎসক দেবাশিসের পর্যবেক্ষণ, ‘সবকিছুই আসলে নির্ভর করছে ওর উন্নতির ওপর। যত দ্রুত উন্নতি করবে, তত দ্রুত মাঠে ফিরতে পারবে।’